মালদহের হরিশ্চন্দ্রপুর সংলগ্ন বিহারের আমেদাবাদ থানার গোবিন্দপুর এলাকায় ধর্ষণের পর এক মহিলাকে গলার নলি কেটে খুনের অভিযোগ উঠেছে। ঘটনায় আরও এক মহিলা গুরুতর জখম হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর ও আমেদাবাদ থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাংলা-বিহার সীমান্ত লাগোয়া গোবিন্দপুর এলাকায় ঘাস কাটতে গিয়েছিলেন হরিশ্চন্দ্রপুরের দুই মহিলা। অভিযোগ, সেই সময় এক অজ্ঞাতপরিচয় যুবক তাঁদের পথ আটকায়। এক মহিলাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে অপর মহিলা বাধা দেন। তখন তাঁকে হাঁসুয়া দিয়ে কোপানো হয় বলে অভিযোগ।
এরপর ওই মহিলাকে কাশবনের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে তাঁর গলার নলি কেটে তাঁকে খুন করা হয়। গুরুতর জখম অপর মহিলা কোনওরকমে গ্রামে ফিরে এসে স্থানীয়দের ঘটনাটি জানান। খবর পেয়ে গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে মহিলার দেহ দেখতে পান।
পরে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর ও আমেদাবাদ থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহত মহিলার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
এই ঘটনায় এক জনই জড়িত, নাকি আরও কেউ এই হামলার সঙ্গে যুক্ত ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। ঘটনার পিছনে বিহারের দুষ্কৃতীদের যোগ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.