টলিপাড়ার পরিচিত পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে চাঞ্চল্য ছড়িয়েছিল। গত ২ এপ্রিল নিমতার একটি ব্যাঙ্কে কাজ সেরে বেরোনোর পর থেকেই তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিষয়টি সামনে আনেন তাঁর স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়, যিনি সোশ্যাল মিডিয়ায় স্বামীর নিখোঁজ হওয়ার কথা জানান। পরে আনন্দপুর থানায় একটি মিসিং ডায়েরিও দায়ের করা হয়।
পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠলেও দীর্ঘ ২৪ দিন ধরে কোনও হদিস মেলেনি পরিচালকের। অবশেষে জানা যায়, তিনি দিল্লিতে এক বন্ধুর বাড়িতে রয়েছেন। খবর পেয়ে স্ত্রী সেখানে গিয়ে তাঁকে কলকাতায় ফিরিয়ে আনেন।
ফিরে এসে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের নিখোঁজ থাকার কারণ ব্যাখ্যা করেন উৎসব। তাঁর দাবি, দীর্ঘদিন ধরেই তিনি সাইবার হেনস্তার শিকার হচ্ছিলেন। নিজের পোস্ট বা অন্য কারও সঙ্গে তোলা ছবি—সবকিছুতেই নানান কুরুচিকর মন্তব্য আসত। এমনকি একাধিক ভুয়ো প্রোফাইল থেকে নিয়মিত আক্রমণ করা হত তাঁকে।
তিনি আরও জানান, পরিস্থিতি এতটাই খারাপ হয়ে দাঁড়িয়েছিল যে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে ভুয়ো পোস্ট পর্যন্ত করা হত। এই সব ঘটনার জেরে তাঁর ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কেও প্রভাব পড়তে শুরু করে। সহকর্মী ও বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হয়, যা তাঁকে মানসিকভাবে ভেঙে দেয়।
এই মানসিক চাপের কারণে তিনি ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে থাকেন। কোনও সামাজিক অনুষ্ঠান, সিনেমার প্রিমিয়ার বা জনসমাগম এড়িয়ে চলতেন তিনি, যাতে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় না ছড়ায়।
এর মধ্যেই ২০২৫ সালে কয়েক মাসের ব্যবধানে বাবা-মাকে হারানোর শোক তাঁকে আরও বিপর্যস্ত করে তোলে। সেই কঠিন সময়ে তাঁর পাশে ছিলেন বর্তমান স্ত্রী মৌপিয়া। পরে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাঁদের বিয়ে হয়। কিন্তু তারপর আবার নতুন করে সাইবার আক্রমণ শুরু হয়, এবার লক্ষ্যবস্তু হন তাঁর স্ত্রী।
উৎসব দাবি করেন, এই ঘটনার পিছনে কারা রয়েছে সে সম্পর্কে তাঁর ধারণা রয়েছে, তবে তিনি নিশ্চিত নন এটি কোনও একক ব্যক্তির কাজ নাকি একটি সংগঠিত চক্র জড়িত।
নিখোঁজ থাকার সময়ের অভিজ্ঞতা সম্পর্কে তিনি জানান, বেশিরভাগ সময় তিনি একাই ছিলেন। শেষদিকে দিল্লির এক বন্ধুর কাছে আশ্রয় নেন। সেই বন্ধুই পরে তাঁর স্ত্রী ও পুলিশকে খবর দেন।
এই পুরো ঘটনাকে তিনি মানসিক চাপের ফল বলে উল্লেখ করেছেন। তবে তিনি জানিয়েছেন, এই পরিস্থিতির বিরুদ্ধে তিনি লড়াই চালিয়ে যাবেন। যদিও আপাতত এর বেশি কিছু প্রকাশ্যে বলতে চাননি তিনি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.