শুধু ‘কিং’ নামেই নয়, ব্যবহারের দিক থেকেও যেন সত্যিকারের ‘কিং’ শাহরুখ খান। বলিউডের এই তারকার সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তাঁর প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী হিনা খান। সম্প্রতি রকি জয়সওয়াল, রুবিনা দিলাইক এবং অভিনব শুক্লার সঙ্গে এক পডকাস্টে সেই পুরনো স্মৃতির কথা জানান অভিনেত্রী।
ঘটনাটি সেই সময়ের, যখন হিনা খান হিন্দি টেলিভিশন জগতে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছেন। ‘ইয়ে রিশতা ক্যা কেহলাতা হ্যায়’ শুরু হওয়ার প্রায় দেড় বছর পর আচমকাই বিমানে শাহরুখ খানের পাশের আসনে বসার সুযোগ হয় তাঁর। স্বপ্নের নায়কের সঙ্গে ছবি তোলার প্রবল ইচ্ছে থাকলেও শুরুতে সেই সুযোগ মেলেনি। হিনা জানান, বিমানে উঠে দেখেন শাহরুখ তাঁর পাশের সিটে বসে গভীর ঘুমে আচ্ছন্ন। একাধিক বার তাকিয়েও তাঁকে জাগাতে পারেননি। অভিনেত্রীর কথায়, তিনি ছবি তুলতে চেয়েছিলেন, কিন্তু শাহরুখ কিছুতেই ঘুম থেকে উঠছিলেন না। পরে কফি খেতে ওঠেন শাহরুখ। তখন হিনা হাত নেড়ে অভিবাদন জানান এবং ছবি তোলার অনুমতি চান।
কিন্তু সেখানেও অপেক্ষা। শাহরুখ তাঁকে বলেন, অপেক্ষা করতে, তিনি তাঁর সঙ্গে ছবি তুলবেন। কফি খেয়ে ফের নিজের আসনে গিয়ে ঘুমিয়ে পড়েন অভিনেতা। হিনা ভেবেছিলেন, বিমান অবতরণের পর হয়তো আর সেই ছবি তোলা সম্ভব হবে না। কিন্তু অভিনেতার ব্যবহার তাঁকে অবাক করে দেয়।
বিমান নামার পর শাহরুখ নিজেই ঘুম থেকে উঠে হিনাকে ডেকে নেন এবং তাঁর সঙ্গে ছবি তোলেন। পরে একই কোচেও ছিলেন তাঁরা। সেই সময় শাহরুখ একটি ছবির প্রচারে ব্যস্ত ছিলেন এবং একটানা কাজের কারণে ঠিকমতো ঘুমাতেও পারছিলেন না। তাই যাতায়াতের সময়টুকুতেই বিশ্রাম নিচ্ছিলেন তিনি।
শুধু হিনা নন, শাহরুখের ব্যবহার মুগ্ধ করেছিল অভিনব শুক্লাকেও। পাঞ্জাব থেকে মুম্বইয়ে এসে মডেলিংয়ের শুরুতে একটি র্যাম্প শোয়ের ব্যাকস্টেজে প্রথমবার শাহরুখকে দেখেছিলেন অভিনব। ম্যানেজারের সঙ্গে কথা বলছিলেন অভিনেতা। দূর থেকে শাহরুখের সঙ্গে হাত মেলানোর কথা ভাবছিলেন অভিনব। কিন্তু তাঁকে দেখে শাহরুখ নিজেই উঠে এসে হাত মেলান। এই ঘটনাই অভিনবের মনে শাহরুখ সম্পর্কে গভীর ছাপ ফেলেছিল। তাঁর মতে, একজন তারকা কতটা বড়, তা শুধু তাঁর জনপ্রিয়তায় নয়, মানুষের সঙ্গে তাঁর ব্যবহারের মধ্যেও প্রকাশ পায়। আর সেই জায়গাতেই শাহরুখ খান যেন সত্যিই ‘কিং’।
হিনার কথায় শাহরুখের সেই পুরনো মুহূর্ত ফের একবার সামনে আসতেই অভিনেতার অনুরাগীদের মধ্যেও শুরু হয়েছে চর্চা। পর্দার ‘কিং খান’-এর পাশাপাশি তাঁর ব্যক্তিত্বের এই মানবিক দিকটিও যে অনুরাগীদের কাছে সমান আকর্ষণীয়, তা বলাই যায়।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.