বলিউড অভিনেত্রী মন্দাকিনীকে ঘিরে বহু বছর আগে তৈরি হয়েছিল এক বিতর্ক। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে তাঁর একটি ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে শুরু হয় নানা জল্পনা। এত বছর পর সেই বিতর্কিত ছবি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। স্পষ্ট জানালেন, দাউদের আমন্ত্রণে তিনি দুবাই যাননি।
এক সাক্ষাৎকারে মন্দাকিনী জানান, তিনি দুবাই গিয়েছিলেন একটি অনুষ্ঠানে যোগ দিতে। পরে সেখানে একটি ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েছিলেন। সেই সময়ই দাউদের সঙ্গে তাঁর ছবিটি তোলা হয়। ছবিটি যে পরবর্তীকালে এত বড় বিতর্কের কারণ হয়ে দাঁড়াবে, তা তখন তিনি বুঝতে পারেননি বলেই দাবি করেছেন অভিনেত্রী। দাউদের আমন্ত্রণে দুবাই গিয়েছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে মন্দাকিনী সাফ জানান, “না, দাউদ আমাকে আমন্ত্রণ জানাননি।” তাঁর বক্তব্য, একজন শিল্পীকে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে অসংখ্য মানুষের সঙ্গে দেখা করতে হয়। কে কী বলবেন বা সেই সাক্ষাৎকে কী ভাবে ব্যাখ্যা করবেন, তা কোনও শিল্পীর নিয়ন্ত্রণে থাকে না।
মন্দাকিনীর কথায়, “এক জন শিল্পীকে হাজার হাজার মানুষের সঙ্গে দেখা করতে হয়। সকলেই আমাদের কাছে সমান।” তাঁর দাবি, দুবাই সফরের মূল উদ্দেশ্য ছিল একটি অনুষ্ঠানে যোগ দেওয়া। এরপর ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে ওই ছবিটি তোলা হয়েছিল। ছবিটি প্রকাশ্যে আসার পর মন্দাকিনীর সঙ্গে দাউদের সম্পর্ক নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়। অভিনেত্রীর দাবি, সেই বিতর্ক তাঁর কেরিয়ারে যথেষ্ট নেতিবাচক প্রভাব ফেলেছিল। তিনি বলেন, “এই বিতর্ক অনেক ক্ষতি করেছিল।”
পরে মন্দাকিনী উপলব্ধি করেন, এই ধরনের পরিস্থিতি সামলানোর জন্য শিল্পীদের পাশে একটি দক্ষ সহযোগী দলের প্রয়োজন। তাঁর মতে, একজন শিল্পী সবসময় নিজের চারপাশে তৈরি হওয়া প্রতিটি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন না।
১৯৮৫ সালে রাজ কপূরের পরিচালনায় ‘রাম তেরি গঙ্গা ময়লী’ ছবিতে অভিনয়ের মাধ্যমে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন মন্দাকিনী। ছবিটি তাঁকে আশির দশকের হিন্দি সিনেমার অন্যতম পরিচিত মুখ করে তুলেছিল। বাণিজ্যিক ভাবেও ছবিটি সাফল্য পেয়েছিল। এর পর একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেন মন্দাকিনী। তাঁর দীর্ঘ অভিনয়জীবনে ৭৫টিরও বেশি ছবিতে কাজ করার কথা জানা যায়। অনিল কপূর, মিঠুন চক্রবর্তী এবং গোবিন্দের মতো একাধিক জনপ্রিয় অভিনেতার সঙ্গেও পর্দা ভাগ করে নিয়েছেন তিনি।
বহু বছর পর দাউদকে ঘিরে সেই পুরনো বিতর্ক প্রসঙ্গে মন্দাকিনীর এই বক্তব্য ফের আলোচনায় এনেছে সেই সময়ের ঘটনাকে। তবে অভিনেত্রী তাঁর বক্তব্যে স্পষ্ট করেছেন—দুবাই সফরটি দাউদের আমন্ত্রণে ছিল না এবং ছবিটির পিছনে যে ধরনের সম্পর্কের জল্পনা তৈরি হয়েছিল, তার সঙ্গে তিনি একমত নন।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.