প্রেম দিবস অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি নাকি বিয়ে! এমন জল্পনায় যখন সরগরম বিনোদন দুনিয়া, তখনই বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মৃণাল ঠাকুর। শোনা যাচ্ছিল, ভ্যালেন্টাইনস ডে-তেই নাকি তিনি সাতপাকে বাঁধা পড়বেন দক্ষিণী তারকা ধনুষ-এর সঙ্গে। এমন গুঞ্জনের মাঝেই সাক্ষাৎকারে রসিকতার সুরে মৃণাল বললেন, “আজ আমার গায়েহলুদ, কাল সঙ্গীত! আপনারা কিন্তু না খেয়ে কেউ যাবেন না!”
এই মন্তব্যে স্বাভাবিকভাবেই কৌতূহল আরও বেড়েছে অনুরাগীদের। তবে কি সত্যিই বিয়ের ঘণ্টা বাজতে চলেছে? এ প্রসঙ্গে অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, তাঁর বিয়ের দিনক্ষণ তিনি নিজেই জানেন না। চারিদিকে এত আলোচনা চললেও, নিজের জীবনের এমন বড় সিদ্ধান্ত নিয়ে তিনি এখনই কোনও তাড়াহুড়ো করতে রাজি নন।
মৃণালের কথায়, “কেবল বিয়ে করতে হবে বলে কোনও বাঁধনে বাঁধা পড়ার পক্ষপাতী নই।” তিনি বিশ্বাস করেন, যখন সঠিক মানুষ জীবনে আসবেন, তাঁর সাহচর্যে স্বাচ্ছন্দ্য বোধ হবে, এমনকি নীরব মুহূর্তও বিরক্তিকর লাগবে না—তখনই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত। অর্থাৎ, তাঁর কাছে বিয়ে মানে শুধু সামাজিক প্রথা নয়, মানসিক প্রস্তুতি এবং গভীর বোঝাপড়ার বিষয়।
সাক্ষাৎকারে নিজের বিয়ের গুঞ্জন নিয়ে বেশ মজা করতেও দেখা যায় তাঁকে। মৃণাল বলেন, “নিজের বিয়ের গল্প শুনছি আর হাসছি। আজ পর্যন্ত কোনও অনুভূতি লুকিয়ে রাখতে পারিনি। তাই বিয়ের পিঁড়িতে বসলে সে খবরও লুকিয়ে রাখব না। সবাইকে জানাব।”
উল্লেখ্য, ‘দো দিওয়ানে শহর মে’ ছবির প্রচার উপলক্ষে এই সাক্ষাৎকারে যোগ দিয়েছিলেন মৃণাল। ছবিতে তাঁর সহ-অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী-ও ছিলেন উপস্থিত। কথাপ্রসঙ্গে সিদ্ধান্ত রসিকতার সুরে বলেন, “১৪ ফেব্রুয়ারি মৃণালের বাড়ির সামনে সকলের দাঁড়িয়ে থাকা উচিত।”
এর জবাবে হাসতে হাসতেই মৃণাল বলেন, “আর সেটাই হবে সবচেয়ে বড় এপ্রিল ফুল জোক!” তাঁর এই মন্তব্যে স্পষ্ট, আপাতত বিয়ের গুঞ্জনকে তিনি হালকাভাবেই নিচ্ছেন।
সব মিলিয়ে, বিয়ের জল্পনা যতই জোরালো হোক না কেন, মৃণাল ঠাকুরের বক্তব্যে পরিষ্কার—সঠিক সময় ও সঠিক মানুষ ছাড়া তিনি বিয়ের সিদ্ধান্ত নিতে নারাজ। আপাতত নিজের কাজ ও জীবনের এই পর্ব উপভোগ করতেই ব্যস্ত অভিনেত্রী।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.