তিন দিনে উধাও ৬০০ বিলিয়ন ডলার! বড় ধাক্কায় এলন মাস্কের সংস্থা

বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এলন মাস্কের প্রযুক্তি সংস্থা স্পেসএক্স সম্প্রতি শেয়ারবাজারে বড় ধাক্কার মুখে পড়েছে। মাত্র তিন দিনের ব্যবধানে সংস্থাটির বাজারমূল্য থেকে ৬০০ বিলিয়ন ডলারেরও বেশি উধাও হয়ে গেছে বলে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৬ লক্ষ কোটি টাকারও বেশি।

বাজার বিশ্লেষকদের মতে, স্পেসএক্স প্রথমবারের মতো ইনভেস্টমেন্ট-গ্রেড বন্ড বিক্রির পরিকল্পনার কথা ঘোষণা করার পর থেকেই বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হতে শুরু করে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর বৃহৎ প্রকল্পে বিপুল পরিমাণ ঋণ নেওয়ার সম্ভাবনা নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করেন। তারই প্রভাব পড়ে শেয়ারদরে।

সোমবারের বাজারদর অনুযায়ী, স্পেসএক্সের শেয়ারের মূল্য ১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫৪.৬ ডলারে। গত তিন দিনে মোট পতন হয়েছে প্রায় ২৩ শতাংশ। এই তীব্র দরপতনের ফলে সংস্থার বাজারমূল্য উল্লেখযোগ্যভাবে কমে গেলেও এখনও কোম্পানির মোট মূল্য ২ ট্রিলিয়ন ডলারের কিছু বেশি রয়েছে।

এই ক্ষতির পরিমাণ কতটা বড়, তা বোঝাতে অর্থনীতিবিদরা আন্তর্জাতিক তুলনাও টেনে এনেছেন। তিন দিনে বাজারমূল্য থেকে যে অঙ্কের অর্থ মুছে গিয়েছে, তা প্রায় সংযুক্ত আরব আমিরশাহির এক বছরের মোট জিডিপির সমান। এমনকি নরওয়ের সামগ্রিক অর্থনীতির আকারও এর চেয়ে ছোট বলে উল্লেখ করা হচ্ছে।

এদিকে ব্লুমবার্গের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, বন্ড বিক্রির মাধ্যমে অন্তত ২০ বিলিয়ন ডলার তোলার পরিকল্পনা করছে স্পেসএক্স। এই অর্থের একটি বড় অংশ এআই-সংক্রান্ত পরিকাঠামো গড়ে তোলা এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং পরিষেবা তৈরির কাজে ব্যবহার করা হতে পারে।

জানা গিয়েছে, এআই স্টার্টআপ ‘রিফ্লেকশন AI’-কে কম্পিউটিং রিসোর্স সরবরাহের জন্য বহু বিলিয়ন ডলারের চুক্তিও করেছে সংস্থাটি। এর আগে মাস্কের এআই সংস্থা xAI-কে ঘিরে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে দেখা গিয়েছিল। ফলে স্পেসএক্সের নতুন এআই-কেন্দ্রিক বিনিয়োগ পরিকল্পনা এখন বাজারের বিশেষ নজরে রয়েছে।

বিশেষজ্ঞদের একাংশের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিপুল বিনিয়োগ দীর্ঘমেয়াদে লাভজনক হতে পারে। তবে স্বল্পমেয়াদে ঋণের চাপ ও ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন, যার প্রভাবই সাম্প্রতিক এই শেয়ারপতনে স্পষ্ট হয়ে উঠেছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক