টলিউডে প্রতিযোগিতা থাকলেও ভালো কাজের প্রশংসা করতে পিছপা নন কেউ কেউ। সহকর্মীর সাফল্যে খুশি হয়ে প্রকাশ্যে প্রশংসা করতেও দেখা যায় তাঁদের। এবার তেমনই এক নজির তৈরি করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সব্যসাচী চৌধুরী অভিনীত ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবি দেখে মুগ্ধ তিনি। শুধু ছবির প্রশংসাই নয়, এই সিনেমাকে বাংলা সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক গর্বের নিদর্শন বলেও উল্লেখ করেছেন টলিউডের এই পরিচালক।
টেলিভিশনের পর্দায় বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন সব্যসাচী চৌধুরী। এবার বড় পর্দায় আরও বিস্তৃত পরিসরে সেই চরিত্রকে ফিরে পেয়েছেন দর্শক। মুক্তির পর থেকেই ভক্তি, সাধনা এবং বাংলার ঐতিহ্যকে কেন্দ্র করে তৈরি এই ছবি দর্শকমহলে বিশেষ সাড়া ফেলেছে। ছবিটি দেখে নিজের আবেগ ও অনুভূতির কথা সমাজমাধ্যমে তুলে ধরেছেন সৃজিত।
পরিচালকের কথায়, ‘সাধক বামাক্ষ্যাপা’ শুধুমাত্র একটি সিনেমা নয়, বরং কয়েকশো বছরের ইতিহাস, ঐতিহ্য এবং জীবনযাত্রার এক বিস্তৃত দলিল। ১৯৫ মিনিটের এই ছবিকে তিনি মহাকাব্যের সঙ্গে তুলনা করেছেন। বাংলার ভক্তি, সাধনা, সংস্কৃতি, সমাজব্যবস্থা, শ্রেণিসংগ্রাম, ভক্তিগীতি এবং মানুষের বিশ্বাসের নানা দিক অত্যন্ত সুন্দরভাবে উঠে এসেছে ছবিতে বলে মনে করেন তিনি। সৃজিতের মতে, বিশ্বাসের কোনও নির্দিষ্ট পথ বা সংজ্ঞা হয় না। কে কীভাবে ঈশ্বরের আরাধনা করবেন, তা ঠিক করে দেওয়ার অধিকার কারও নেই। বিশ্বাসের মধ্যে কোনও ভেদাভেদ নেই। বরং বিশ্বাস মানুষকে একে অপরের প্রতি সহমর্মী হতে শেখায়। ছবির মাধ্যমে এই মানবিক বার্তাই বিশেষভাবে ফুটে উঠেছে।
তবে ছবির সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে সব্যসাচী চৌধুরীর অভিনয়ের কথা আলাদা করে উল্লেখ করেছেন সৃজিত। তাঁর মতে, সব্যসাচী শুধু বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করেননি, বরং চরিত্রটিকে নিজের মধ্যে ধারণ করেছেন। টেলিভিশনের পর্দায় বছরের পর বছর ধরে এই চরিত্রকে যাপন করার অভিজ্ঞতা তাঁর অভিনয়ের প্রতিটি মুহূর্তে ধরা পড়েছে। প্রতিটি অভিব্যক্তি এবং দৃশ্যে বামাক্ষ্যাপার উপস্থিতি অনুভব করা যায়। শুধু সব্যসাচী নন, ছবির পরিচালক, সঙ্গীত পরিচালক, চিত্রগ্রাহক-সহ গোটা প্রযুক্তিগত ও সৃজনশীল দলের কাজেরও ভূয়সী প্রশংসা করেছেন সৃজিত। সায়ন্তন ঘোষাল, সৌমিক হালদার, ইন্দ্রদীপ দাশগুপ্ত, ঋতম সেন-সহ ছবির সঙ্গে যুক্ত প্রত্যেকের অবদানকে বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি।
পাশাপাশি সাহেব চট্টোপাধ্যায়, মোনালিসা চট্টোপাধ্যায়, পায়েল দে, নীলাঞ্জন ঘোষাল, রূপম সিংহ, রাজু ধর এবং শঙ্খদীপ বন্দ্যোপাধ্যায়ের অভিনয়ও তাঁর নজর কেড়েছে। সৃজিতের মতে, ছবিতে মেলোড্রামা এবং পর্বভিত্তিক আখ্যান থাকলেও কোথাও গল্পের ছন্দপতন ঘটেনি। বরং অভিনেতাদের স্বতঃস্ফূর্ত অভিনয় ছবিটিকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে।
সবশেষে ছবিটির আঞ্চলিক পরিচয় এবং বাংলার সংস্কৃতির প্রতি দায়বদ্ধতার বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন পরিচালক। তাঁর কথায়, ‘সাধক বামাক্ষ্যাপা’ এমন একটি ছবি, যার শিকড়, আত্মা এবং পরিচয় গভীরভাবে বাংলার মাটিতে প্রোথিত। উত্তরপ্রদেশ, বিহার, কেরল, তামিলনাড়ু কিংবা অন্য কোনও রাজ্য নয়, এই ছবি একান্তই বাংলার। বাংলার সাধনা, সংস্কৃতি, বিশ্বাস এবং আত্মপরিচয়ের প্রতিফলন এই সিনেমা। তাই এমন একটি ছবি নিয়ে গর্বিত হওয়াই স্বাভাবিক বলে মনে করেন সৃজিত।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.
