Parambrata: একমাত্র ছেলে নিষাদের জন্মদিনে আবেগঘন পোস্ট বাবা পরমব্রত চ্যাটার্জির। সাম্প্রতিক চড়াই-উতরাইয়ের মাঝেই ছেলের জন্য বিশেষ বার্তা দিলেন তিনি। সাথে পোস্ট করলেন একগুচ্ছ ছবি। যেখানে কখনো ছেলের সাথে তিনি সময় কাটাচ্ছেন আবার কখনও জন্মদিন উদযাপন করছেন। একইসাথে সকল কাছের মানুষদের সাথে ছবি ভাগ করে নিয়েছেন ছেলের।
লিখেছেন, “প্রিয় নিষাদ, আজ তোমার এক বছরের জন্মদিন। তুমি কি জানো আজ তোমার ঠাম্মিরও জন্মদিন? ঠাম্মি থাকলে যে কি খুশি হতো, তোমাকে কত আদর করতো সেটা তুমি ভাবতেও পারবে না! দুজনে এক সঙ্গে জন্মদিনে অনেক মজা করতে। তোমার ঠাম্মি আর দাদুকে তোমার বাবা খুব অল্প বয়েসে হারিয়েছে।
তোমার আরেকজন দাদু, মাম্মামের বাবা, তিনিও চলে গেছেন কয়েক বছর আগে। দিদুন আছেন, তাঁর সবটুকু ভালোবাসা তোমার জন্যে একটা বিরাট ছাতার মতো মেলে ধরে রেখেছেন! প্রিয় নডি বাবু, বাবা-মাকে কম বয়েসে হারিয়ে, একটা বাড়ি, একটা বাসা, একটা পরিবার আমি আমার মতো করে তৈরি করেছিলাম, তোমার মা সেটাকে আরো শক্ত করে বেঁধেছে।
তোমাকে আমরা একটা পৃথিবী দিতে চেয়েছি যেখানে তোমাকে ঘিরে থাকে দিদুন, রিঙ্কু পিসি, রচনা দিদি, পিঙ্কা পিসি, ইভান দাদা। এছাড়াও আছে পিঙ্কি দিদি, পার্বতী মাসি, সোমা মাসি, চন্দন কাকা, রত্নাকর কাকু, নাসির দাদা ! (সবার সঙ্গে ছবি দিতে পারলাম না, প্লিজ রাগ কোরো না কেউ) এছাড়া আছে তোমার দুজন বেস্ট ফ্রেন্ড, নিনা দিদি আর বাঘা দাদা!
এদের ছাড়া তোমার বাড়ি কিন্তু ইনকমপ্লিট। আরো বেশ কিছু দিদা, মামা মাসি পিসি কাকুরা আছে, সুযোগ পেলেই তোমাকে তারা আদরে আদরে ভরিয়ে দেয়…কিন্তু তারা পৃথিবীর চতুর্দিকে এমনভাবে ছড়িয়ে আছে যে সব সময়ে দেখা হয় না! এরা সবাই তোমার পরিবার, বড়ো হতে হতে এদেরকে আঁকড়ে ধরে রেখো! অনেকটা রাস্তা বাবা-মাকে ছাড়া হেঁটে কিছু কথা জীবন দিয়ে বুঝেছি।
কাকা, জ্যাঠা, পিসি, মাসি নিয়ে বড়ো পরিবারের আচ্ছাদন পাওয়ার সৌভাগ্য সকলের হয় না। তখন পরিবার তৈরি করে নিতে হয়। জানবে, ওটাই আসল, বাদবাকি সব অযথা, অদরকারি আওয়াজ। তুমি যখন পরিবার তৈরি করার মতো বড়ো হবে, দায়িত্ব নিতে শিখবে, জানি না তখন আমি থাকবো কিনা, তাই তোমার প্রথম জন্মদিনে এই কথা গুলো বলে রাখলাম তোমাকে।
আসমুদ্র হিমাচল ভালোবাসা বলে যদি কিছু থেকে থাকে, সেটা দিলাম তোমাকে। বাবা। ps : আজ আরেকজনেরও জন্মদিন! তাঁর গান না শুনিয়ে, না শিখিয়ে তোমায় বড়ো করবো না, নিশ্চিন্ত থাকো! তোমার বাবাও তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছে! তিনি তোমার ঠাম্মি আর দাদুর প্রানের বন্ধুও ছিলেন ! তাঁরা যেখানেই থাকুন না কেন, এখন নিশ্চই ঠাম্মি দাদু আর ‘মনি’ দাদু একসঙ্গে বসে আড্ডা দিচ্ছে, তর্ক করছে, গান গাইছে !”

Sudeshna has been writing entertainment reports since 2021.