সোমবার জীবনের প্রথম ভাত মুখে তুলল পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর একমাত্র পুত্র নিষাদ। টলিউডের এই জনপ্রিয় তারকা দম্পতির ছেলের অন্নপ্রাশন ঘিরে ছিল চূড়ান্ত আড়ম্বর। কলকাতার টলি ক্লাবে বসেছিল নিষাদের মুখেভাতের আসর, যেখানে হাজির ছিলেন টলিউডের তাবড় তারকারা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত।
ঘরোয়া ভাবে বিয়ে সারলেও ছেলের অন্নপ্রাশনে কোনও খামতি রাখেননি পরম-পিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপর্ণা সেন, অঞ্জন দত্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মুনমুন সেন, জুন মালিয়া, কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, ইশা সাহা, রাইমা সেন, ঋতাভরী চক্রবর্তী—প্রায় গোটা টলিউডই যেন হাজির ছিল এই পারিবারিক আনন্দে।
এদিন বাবার সঙ্গে পোশাকে টুইনিং করে নজর কাড়ে খুদে নিষাদ। বাবা-ছেলে দুজনেই পরেছিলেন বেবি পিঙ্ক পাঞ্জাবি। পিয়া চক্রবর্তীর পরনে ছিল সাদা সুতোর কাজের হলুদ শাড়ি, সঙ্গে হালকা গোলাপি ব্লাউজ—পরিমিত অথচ মার্জিত সাজে ধরা দেন তিনি।
অন্নপ্রাশনের মেনুতেও ছিল রাজকীয় ছোঁয়া। প্রথমে পায়েস মুখে দেয় নিষাদ। এরপর একে একে চেখে দেখে মাছের মুড়ো, মুগ ডাল, পাঁচ রকমের ভাজা, ফিশ ফ্রাই, পোলাও, দইমাছ, মাটন কষা ও ফুলকপির রোস্ট। ডেজার্টেও ছিল বাহারি আয়োজন—নকুরের মিষ্টি, সন্দেশ ও চমচম।
চলতি বছরের জুন মাসে, জামাইষষ্ঠীর দিন পরম-পিয়ার ঘরে আসে তাঁদের ফুটফুটে পুত্র। ২০২৩ সালের নভেম্বর মাসে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সারেন পরমব্রত ও পিয়া। সেই বিয়ে ঘিরে বিতর্ক ও কটাক্ষ থাকলেও সেসবকে পাত্তা না দিয়ে নিজেদের মতো করেই জীবন এগিয়ে নিয়ে চলেছেন তাঁরা।
ছেলের জন্মের পর কয়েক মাস তাঁকে আড়ালেই রেখেছিলেন তারকা দম্পতি। দুর্গাপুজোর আবহে প্রথম প্রকাশ্যে আসে নিষাদের মুখ। গানপ্রেমী পরম-পিয়ার জীবনে সুরের বিশেষ জায়গা রয়েছে, তাই ছেলের নামও রেখেছেন সঙ্গীতের ছোঁয়ায়—‘নিষাদ’। সাত সুরের শেষ সুর নিষাদ, যার আরেক অর্থ, যাকে দুঃখ ছুঁতে পারে না। সেই নামের মতোই শুভ সূচনায় ভরে উঠল খুদে নিষাদের জীবনের প্রথম বড় সামাজিক অনুষ্ঠান।
আরও পড়ুন
ভাইয়ের বিয়েতে দুই ছেলেকে নিয়ে জমিয়ে নাচ, রোশন পরিবারে আনন্দে মাতলেন হৃতিক

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.