আইনি বিয়ের দু’বছর পর ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলিউডের জনপ্রিয় জুটি শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার। দীর্ঘদিনের প্রেমের পর ২০২৩ সালে আইনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। তবে এবার সমস্ত রীতি মেনে ধুমধাম করে সামাজিক বিয়ের আয়োজন করতে চলেছেন অভিনেত্রী ও পরিচালক-প্রযোজক। ইতিমধ্যেই তাঁদের বিয়ের খবর ঘিরে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
ছোটপর্দা থেকে শুরু করে ওটিটি এবং বড়পর্দা—সব ক্ষেত্রেই নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন শ্রুতি দাস। অন্যদিকে, পরিচালক ও প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক একসময় চর্চার কেন্দ্রে ছিল। বিশেষ করে দু’জনের বয়সের ব্যবধান নিয়ে সমাজমাধ্যমে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি অভিনেত্রীকে। তবে সেই সমস্ত নেতিবাচক মন্তব্যকে উপেক্ষা করে নিজেদের সম্পর্ককে এগিয়ে নিয়ে গিয়েছেন তাঁরা। ২০২৩ সালের ৯ জুলাই আইনি মতে বিয়ে করেছিলেন শ্রুতি ও স্বর্ণেন্দু। সেবার ঘরোয়াভাবেই মালাবদল ও সিঁদুরদানের মাধ্যমে বিবাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিলেন তাঁরা। কিন্তু এবার পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের উপস্থিতিতে বাঙালি রীতিনীতি মেনে বিয়ের আয়োজন করতে চলেছেন এই তারকা জুটি।
গত সেপ্টেম্বর মাসে শ্রুতির সমাজমাধ্যমে ভাগ করে নেওয়া কয়েকটি ছবি থেকেই নতুন করে শুরু হয় জল্পনা। সমুদ্রের ধারে স্বামী স্বর্ণেন্দুর সঙ্গে একাধিক রোমান্টিক মুহূর্তের ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছিলেন, ‘গল্পের নতুন মোড়’। ছবিতে শ্রুতিকে দেখা গিয়েছিল লাল শাড়ি, লাল-সাদা কারুকাজ করা ব্লাউজ, খোঁপায় ফুল এবং কপালে বড় লাল টিপে একেবারে বাঙালি কনের সাজে। অন্যদিকে, স্বর্ণেন্দুর পরনে ছিল সাদা ধুতি-পাঞ্জাবি। ছবির পটভূমিতে সমুদ্রসৈকতে কলাগাছ দিয়ে সাজানো ছাদনাতলা এবং সেখানে লেখা রোমান্টিক বার্তাও নজর কেড়েছিল অনুরাগীদের। সব মিলিয়ে ছবিগুলি দেখে অনেকেই বুঝতে পেরেছিলেন, তাঁদের জীবনে বিশেষ কোনও আয়োজনের প্রস্তুতি চলছে।
সূত্রের খবর, চলতি বছরের ডিসেম্বর মাসেই সামাজিক বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন শ্রুতি ও স্বর্ণেন্দু। যদিও এই বিষয়ে এখনও দম্পতির তরফে আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি। ফলে বিয়ের দিনক্ষণ নিয়ে অনুরাগীদের অপেক্ষা এখনও অব্যাহত।
আইনি বিয়ের পর এবার সাতপাকে বাঁধা পড়ার প্রস্তুতি—সব মিলিয়ে শ্রুতি ও স্বর্ণেন্দুর জীবনে যে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে, তা নিয়ে উচ্ছ্বসিত তাঁদের অনুরাগীরা। এখন দেখার, কবে আনুষ্ঠানিকভাবে নিজেদের বিয়ের খবর ঘোষণা করেন এই টলিউড জুটি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.
