শিলিগুড়ি থেকে দিল্লি—এই দীর্ঘ যাত্রাপথ এতদিন ট্রেনে অতিক্রম করতে সময় লাগত কমপক্ষে ২১ ঘণ্টা থেকে ৩০ ঘণ্টা। কিন্তু সেই ছবিটাই বদলে যেতে চলেছে। কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষিত সাতটি হাইস্পিড রেল করিডরের মধ্যে অন্যতম হিসেবে উঠে এসেছে শিলিগুড়ি-দিল্লি বুলেট ট্রেন করিডর। এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ১,৫০০ কিলোমিটারের পথ মাত্র ৭ ঘণ্টায় অতিক্রম করা সম্ভব হবে।
এই হাইস্পিড রেল করিডর শুধু সময় বাঁচানোর প্রকল্প নয়, বরং উত্তরবঙ্গ, পূর্ব ভারত ও উত্তর-পূর্ব ভারতের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তের মতে, এই করিডরের ফলে বাণিজ্য, পর্যটন, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে একেবারে নতুন সম্ভাবনার দরজা খুলে যাবে।
দুই দফায় হবে করিডর নির্মাণ
শিলিগুড়ি-দিল্লি হাইস্পিড রেল করিডর নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দুটি ধাপে।
প্রথম ধাপে তৈরি হবে শিলিগুড়ি-বারাণসী হাইস্পিড রেল করিডর।
দ্বিতীয় ধাপে গড়ে উঠবে দিল্লি-বারাণসী হাইস্পিড রেল করিডর।
এই দুই করিডর যুক্ত হলেই দিল্লি থেকে সরাসরি হাইস্পিড ট্রেনে শিলিগুড়ি পৌঁছনো সম্ভব হবে।
১৭ ঘণ্টার যাত্রা নামবে সাড়ে ৩ ঘণ্টায়
বর্তমানে শিলিগুড়ি থেকে বারাণসীর দূরত্ব প্রায় ৭০০ কিলোমিটার। সাধারণ ট্রেনে এই পথ পাড়ি দিতে ১৩ থেকে ১৭ ঘণ্টা পর্যন্ত সময় লাগে। কিন্তু হাইস্পিড রেল করিডর চালু হলে ঘণ্টায় সর্বোচ্চ ৩২০ কিলোমিটার বেগে ট্রেন চলবে। ফলে শিলিগুড়ি থেকে বারাণসী পৌঁছতে সময় লাগবে সাড়ে তিন ঘণ্টারও কম।
বারাণসী থেকে দিল্লি আরও দ্রুত
বারাণসী থেকে নয়াদিল্লির দূরত্ব প্রায় ৮০০ কিলোমিটার। বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেসে এই পথ যেতে প্রায় আট ঘণ্টা সময় লাগে। কিন্তু বুলেট ট্রেন চালু হলে এই যাত্রাও সাড়ে তিন ঘণ্টায় সম্পন্ন করা সম্ভব হবে। এর ফলেই দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছতে মোট সময় দাঁড়াবে আনুমানিক ৭ ঘণ্টা।
কবে বাস্তবায়ন হবে এই স্বপ্ন?
যদিও এই হাইস্পিড রেল করিডর বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমা এখনও ঘোষণা করা হয়নি। রেল আধিকারিকদের মতে, প্রায় ১,৫০০ কিলোমিটার দীর্ঘ করিডর নির্মাণ একটি জটিল ও সময়সাপেক্ষ প্রকল্প। তাই এই স্বপ্ন বাস্তবে রূপ নিতে কিছুটা সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।
তবে একথা নিশ্চিত—এই করিডর বাস্তবায়িত হলে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক গতিকেও আরও ত্বরান্বিত করবে।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.