টলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে ধীরে ধীরে নিজের জায়গা শক্ত করছেন সৃজা দত্ত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ছবি পোস্ট করে আবারও চর্চায় উঠে এলেন তিনি। ছবিতে দেখা যায়, লাল ফ্রক পরা ছোট্ট এক মেয়েকে। সেই খুদেই আজ বাংলা চলচ্চিত্র জগতের পরিচিত মুখ।
মায়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট করেন সৃজা। সেখানে শৈশবের ছবির পাশাপাশি মায়ের সঙ্গে বর্তমান সময়ের নানা মুহূর্তও ভাগ করে নেন তিনি। অভিনেত্রীর মা বর্ণালী ঘোষ একজন সঙ্গীতশিল্পী। তাঁর সংগীতচর্চা, মঞ্চে পারফরম্যান্স এবং পুরনো ক্যাসেটের ছবিও পোস্টে জায়গা পায়।
মাকে উদ্দেশ্য করে সৃজা লেখেন, তাঁর জীবনের প্রতিটি পদক্ষেপে সবচেয়ে বড় শক্তি হয়ে থেকেছেন মা। ছোটবেলায় মায়ের সঙ্গে প্রথম মঞ্চে ওঠা থেকে শুরু করে অভিনয়ের জগতে প্রতিটি শ্যুটিং সেটে মায়ের উপস্থিতি তাঁকে সাহস জুগিয়েছে। মায়ের শেখানো প্রিয় গানও তিনি পোস্টে শেয়ার করেন।
এই পোস্ট ঘিরে অনুরাগীদের মধ্যেও উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই অভিনেত্রীর মাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। বিনোদন জগতের একাধিক পরিচিত মুখও শুভেচ্ছাবার্তা পাঠান।
কাজের ক্ষেত্রেও এখন ব্যস্ত সময় কাটছে সৃজার। টলিউডে তাঁর বড় পরিচিতি আসে দেবের বিপরীতে ‘বাঘাযতীন’ ছবিতে অভিনয়ের মাধ্যমে। পরে তিনি সৃজিত মুখোপাধ্যায়ের ‘টেক্কা’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। সেই ছবিতে আরও ছিলেন দেব, স্বস্তিকা মুখোপাধ্যায় ও আরিয়ান ভৌমিক।
শুধু সিনেমাই নয়, ওয়েব সিরিজেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন সৃজা। ‘নিশির ডাক’ সিরিজে তাঁর অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। পাশাপাশি এবার বাংলাদেশের বিনোদন জগতেও পা রেখেছেন তিনি। তাঁর অভিনীত ‘তাজমহল’ সম্প্রতি বঙ্গ প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।
অল্প সময়ের মধ্যেই অভিনয় দক্ষতা এবং পর্দার উপস্থিতির মাধ্যমে দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন সৃজা দত্ত। শৈশবের সেই সরল হাসি আজও অটুট থাকলেও, ক্যামেরার সামনে তিনি এখন অনেকটাই পরিণত ও আত্মবিশ্বাসী এক শিল্পী।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.