বলিউডে আইটেম গান মানেই বাড়তি আকর্ষণ। অনেক সময় দেখা যায়, একটি সিনেমার গল্প বা অভিনয়ের থেকেও বেশি জনপ্রিয় হয়ে ওঠে তার আইটেম নম্বর। সাধারণত এই ধরনের গানে অভিনেত্রীদের উপস্থিতিই বেশি চোখে পড়ে। তবে একসময় সেই ধারণা ভেঙে দিয়েছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। খুব কম মানুষই জানেন, মূলধারার পুরুষ অভিনেতাদের মধ্যে তিনিই প্রথম আইটেম গানে পারফর্ম করেছিলেন, আর সেটিও করেছিলেন কোনও পারিশ্রমিক ছাড়াই।
ছোট পর্দা থেকে অভিনয় জীবন শুরু করা শাহরুখ খান আজ ভারতীয় সিনেমার অন্যতম বড় সুপারস্টার। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশের পর একের পর এক সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। রোম্যান্স, অ্যাকশন কিংবা ড্রামা—সব ধরনের চরিত্রেই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন কিং খান। দীর্ঘ কেরিয়ারে অসংখ্য পুরস্কার এবং দর্শকের ভালোবাসা অর্জন করেছেন তিনি।
তবে তাঁর কেরিয়ারের একটি বিশেষ দিক নিয়ে এখনও অনেকের মধ্যে কৌতূহল রয়েছে। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাল’ ছবির ‘কাল ধামাল’ গানে বিশেষ উপস্থিতি দেখা গিয়েছিল শাহরুখ খানের। সেই সময় বলিউডে কোনও শীর্ষ নায়ককে আইটেম গানে দেখা ছিল একেবারেই বিরল ঘটনা। এই গানে তাঁর স্টাইল, এনার্জি এবং স্ক্রিন প্রেজেন্স দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করেছিল।

মজার বিষয় হলো, এই গানে পারফর্ম করার জন্য শাহরুখ কোনও অর্থ নেননি। বন্ধুত্ব এবং ছবির প্রতি ভালোবাসা থেকেই তিনি এতে অংশ নিয়েছিলেন বলে জানা যায়। ‘কাল’ ছবিতে অজয় দেবগন, বিবেক ওবেরয়, জন আব্রাহাম, ইশা দেওল ও লারা দত্তের মতো তারকারা অভিনয় করেছিলেন।
বর্তমানে শাহরুখ খান তাঁর আসন্ন ছবি ‘কিং’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, সুহানা খান, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি এবং জয়দীপ আহলাওয়াতকে। বিশেষভাবে নজর কাড়ছে সুহানা খানের বড় পর্দায় অভিষেক। Netflix-এ মুক্তিপ্রাপ্ত ‘দ্য আর্চিস’-এর পর এটিই হবে তাঁর প্রথম থিয়েট্রিকাল রিলিজ।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবিটি প্রযোজনা করছে Red Chillies Entertainment এবং Marflix Pictures। সব কিছু ঠিক থাকলে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই সিনেমা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.