বাড়িতে অতিথি আসার কথা থাকলে ঘরের পাশাপাশি বাথরুমও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। কারণ, একটি পরিচ্ছন্ন শৌচাগর গোটা বাড়ির পরিচ্ছন্নতারই পরিচয় বহন করে। কিন্তু ব্যস্ততার কারণে অনেক সময় নিয়মিত বাথরুম পরিষ্কার করা হয়ে ওঠে না। বিশেষ করে বর্ষাকালে স্যাঁতসেঁতে পরিবেশের কারণে টাইলসে ময়লা, সাবানের আস্তরণ এবং দাগ দ্রুত জমে যায়।
তবে চিন্তার কিছু নেই। কয়েকটি সহজ ঘরোয়া উপায় ব্যবহার করলেই খুব কম সময়ে টাইলসের জেল্লা ফিরিয়ে আনা সম্ভব। দামি ক্লিনার ব্যবহার না করেও রান্নাঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই কাজ সেরে ফেলা যায়।
১. বেকিং সোডা ও ভিনেগারের মিশ্রণ

টাইলসের একগুঁয়ে দাগ তুলতে বেকিং সোডা এবং সাদা ভিনেগারের মিশ্রণ বেশ কার্যকর। একটি পাত্রে এক-চতুর্থাংশ কাপ সাদা ভিনেগার, একই পরিমাণ বেকিং সোডা, এক টেবিল চামচ তরল বাসন মাজার সাবান এবং প্রায় ৫ লিটার গরম জল মিশিয়ে নিন। মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে টাইলসের উপর ছিটিয়ে দিন। প্রায় ৩০ মিনিট অপেক্ষা করার পর ব্রাশ বা স্ক্রাবার দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। চাইলে সামান্য বেকিং সোডা একটি ভেজা কাপড় বা কাগজে নিয়ে সরাসরি টাইলসের উপর ঘষলেও ময়লা সহজে উঠে আসে।
২. নুনের সহজ ব্যবহার
সাধারণ খাবার নুনও টাইলস পরিষ্কারে কাজে লাগতে পারে। রাতে শোওয়ার আগে টাইলসের উপর নুন ছড়িয়ে রেখে দিন। পরদিন সকালে একটি শক্ত ব্রাশ দিয়ে ঘষে জল দিয়ে ধুয়ে নিলে জমে থাকা ময়লা ও দাগ অনেকটাই দূর হয়ে যায়। নিয়মিত এই পদ্ধতি অনুসরণ করলে টাইলস দীর্ঘদিন পরিষ্কার থাকে।
৩. হাইড্রোজেন পারক্সাইড স্প্রে
টাইলসে জেদি দাগ বা ছোপ থাকলে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করা যেতে পারে। সমপরিমাণ জল ও হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। এরপর দাগযুক্ত স্থানে স্প্রে করে কয়েক মিনিট অপেক্ষা করুন। তারপর ব্রাশ দিয়ে আলতো করে ঘষে ধুয়ে ফেলুন। এতে দাগ পরিষ্কার হতে সুবিধা হয়।
কয়েকটি সতর্কতা
*যেকোনও ক্লিনিং সলিউশন ব্যবহারের সময় হাতে গ্লাভস পরা ভালো।
*প্রথমে টাইলসের ছোট একটি অংশে মিশ্রণটি পরীক্ষা করে নিন।
*পরিষ্কার করার পর পর্যাপ্ত জল দিয়ে ধুয়ে বাথরুমে বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন, যাতে আর্দ্রতা কমে এবং নতুন করে ময়লা জমতে না পারে।
অল্প কিছু সময় এবং সহজ কয়েকটি উপকরণ ব্যবহার করেই বাথরুমের টাইলস ঝকঝকে রাখা সম্ভব। নিয়মিত যত্ন নিলে শুধু সৌন্দর্যই নয়, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশও বজায় থাকবে।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.