ঘর সাজাতে এখন সবুজ গাছের ব্যবহার যেন এক ট্রেন্ডে পরিণত হয়েছে। ড্রয়িং রুমের কোণ, জানলার ধারে কিংবা বারান্দায় রাখা ইনডোর প্ল্যান্ট ঘরের সৌন্দর্য যেমন বাড়ায়, তেমনই পরিবেশকে করে তোলে সতেজ। কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে থাকতে পারে ভয়ংকর বিপদ। বিশেষ করে ঘরে যদি ছোট শিশু বা পোষ্য প্রাণী থাকে, তবে কিছু জনপ্রিয় ইনডোর প্ল্যান্ট যে নীরব ঘাতকের ভূমিকা নিতে পারে, তা অনেকেই জানেন না।
মানিপ্ল্যান্ট: পরিচিত কিন্তু বিপজ্জনক
বাঙালি ঘরে সবচেয়ে পরিচিত গাছগুলির মধ্যে মানিপ্ল্যান্ট বা পোথোস অন্যতম। কম যত্নে বেড়ে ওঠার কারণে এটি প্রায় সব ঘরেই দেখা যায়। কিন্তু এই গাছের পাতায় থাকা ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল শিশু বা পোষ্যর শরীরে প্রবেশ করলে মারাত্মক সমস্যা তৈরি করতে পারে। মুখ ও গলা ফুলে যাওয়া, তীব্র জ্বালা, বমি এবং শ্বাসকষ্ট পর্যন্ত দেখা দিতে পারে।
লিলি: সৌন্দর্যের আড়ালে মৃত্যু
পিস লিলি বা ইস্টার লিলি দেখতে অত্যন্ত আকর্ষণীয় হলেও বিড়ালের জন্য এটি সবচেয়ে বিপজ্জনক গাছগুলির একটি। এই গাছের সামান্য অংশ খেলেই বিড়ালের কিডনি বিকল হতে পারে এবং দ্রুত চিকিৎসা না হলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। মানুষের ক্ষেত্রেও লিলি ত্বকে অ্যালার্জি ও জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে।
স্নেক প্ল্যান্ট ও অ্যালোভেরা
ঘরের বাতাস পরিশুদ্ধ রাখতে স্নেক প্ল্যান্টের জনপ্রিয়তা তুঙ্গে। তবে এই গাছ খেলে শিশু বা পোষ্যের বমি, ডায়েরিয়া ও পেটের সমস্যা হতে পারে। একইভাবে বহু গুণে গুণান্বিত অ্যালোভেরা গাছও সম্পূর্ণ নিরাপদ নয়। এর তিক্ত বাইরের স্তর প্রাণীদের অন্ত্রে বিষক্রিয়া ঘটাতে পারে।
আরও যে গাছগুলো বিপজ্জনক
তালিকায় রয়েছে ক্যালাডিয়াম বা এলিফ্যান্ট ইয়ার, যার রঙিন পাতা শিশুদের সহজেই আকর্ষণ করে। কিন্তু এটি অত্যন্ত বিষাক্ত। এছাড়া ইংলিশ আইভি ও করবী (ওলিয়াণ্ডার) ফুলের গাছেও এমন টক্সিন থাকে যা হৃদস্পন্দনের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ
উদ্ভিদবিদ ও পশু চিকিৎসকদের মতে, ঘরে গাছ রাখার আগে তার বিষাক্ততা সম্পর্কে জেনে নেওয়া অত্যন্ত জরুরি। গাছ এমন উচ্চতায় রাখতে হবে যেখানে শিশু বা পোষ্য সহজে পৌঁছাতে না পারে। যদি কোনও অস্বাভাবিক লক্ষণ যেমন বমি, শ্বাসকষ্ট বা আচরণগত পরিবর্তন দেখা যায়, তবে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
সবুজ ভালো, প্রকৃতি ভালো—কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ আপনার সন্তানের ও পোষ্যর নিরাপত্তা। সচেতন থাকলেই এই নীরব বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.