বাংলার চলচ্চিত্রপ্রেমীদের কাছে মহানায়ক উত্তম কুমার আজও এক আবেগের নাম। প্রয়াণের সাড়ে চার দশক পেরিয়ে গেলেও তাঁর জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। চলতি বছর মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ। আর সেই উপলক্ষেই বিশেষ কর্মসূচির আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকার।
আগামী ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাজুড়ে চলবে উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনের নানা অনুষ্ঠান। মঙ্গলবার নন্দনে আয়োজিত বৈঠকে সেই কর্মসূচির চূড়ান্ত রূপরেখা নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী-সহ টলিউডের একাধিক তারকা ও জনপ্রতিনিধি। নন্দনে এদিন হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, দেব, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, যিশু সেনগুপ্ত-সহ আরও অনেকে। উত্তম কুমারের জন্মশতবর্ষকে স্মরণীয় করে তুলতে একাধিক পরিকল্পনার কথা জানানো হয় বৈঠকে।
৩ সেপ্টেম্বর সকালেই টালিগঞ্জে উত্তম কুমারের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শুরু হবে কর্মসূচি। এরপর বিজলী সিনেমার সামনে উন্মোচন করা হবে মহানায়কের ২০ ফুটের কাটআউট। একই দিন সন্ধ্যা ৬টায় নন্দন থেকে বের হবে বিশেষ শ্রদ্ধাঞ্জলি পদযাত্রা। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী জানিয়েছেন, এই পদযাত্রায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টলিউডের শিল্পী, চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব এবং উত্তম কুমারের অনুরাগীরাও পদযাত্রায় অংশ নেবেন বলে জানানো হয়েছে।
আরও পড়ুন,
Dev-Subhasree: DeSu7-এর প্রচারে কাছাকাছি দেব ও শুভশ্রী, পুরনো রসায়নে মুগ্ধ অনুরাগীরা
শুধু পদযাত্রা বা কাটআউট উন্মোচনই নয়, মহানায়কের স্মৃতিকে সাধারণ মানুষের কাছে আরও জীবন্ত করে তুলতে শহরজুড়ে চালানো হবে বিশেষ গাড়ি। মঙ্গলবার সেই গাড়ির শুভ সূচনা করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ এবং রুদ্রনীল ঘোষ। উত্তম কুমারের পাশাপাশি সুচিত্রা সেনের স্মৃতিও এই উদযাপনে বিশেষভাবে উঠে আসবে। অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় জানান, উত্তম কুমারকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরির পরিকল্পনাও রয়েছে। তাঁর কথায়, দীর্ঘদিন ধরেই বিষয়টি নিয়ে পরিকল্পনা চলছে। আগামী এক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের কথাও ভাবা হয়েছে।
আরও পড়ুন,
‘মা হওয়ার পর ফুলে ঢোল’! ক্যাটরিনাকে বডি শেমিং, নায়িকার পাশে দাঁড়িয়ে কড়া জবাব শিবালিকার
এর মধ্যেই রয়েছে অনুরাগীদের জন্য অভিনব উদ্যোগ। সিনেমা দেখতে গিয়ে কেউ যদি উত্তম কুমারের মতো সাজেন কিংবা সুচিত্রা সেন অভিনীত কোনও চরিত্রের আদলে নিজেকে সাজিয়ে প্রেক্ষাগৃহে আসেন, তাহলে তাঁদের মধ্যে সেরাদের বেছে নিয়ে পুরস্কৃত করা হবে। ফলে জন্মশতবর্ষ উদযাপনে শুধু তারকা বা শিল্পীরাই নন, সাধারণ দর্শক ও উত্তম-সুচিত্রা অনুরাগীরাও সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাবেন।

বাংলার ম্যাটিনি আইডল হিসেবে উত্তম কুমারের জনপ্রিয়তা আজও অমলিন। তাঁর হাসি, চোখের চাহনি, পোশাক থেকে শুরু করে গাম্ভীর্যপূর্ণ বডি ল্যাঙ্গোয়েজ—সবই বাঙালির সংস্কৃতিতে আলাদা জায়গা করে নিয়েছে। জন্মের ১০০ বছর পূর্তিতে তাই মহানায়ককে ঘিরে রাজ্য সরকারের এই বিশেষ আয়োজন ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে উৎসাহ।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.