উদ্বোধনের পর মাত্র কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই বিতর্কে জড়াল হাওড়া-গুয়াহাটি (কামাখ্যা) রুটের ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি, ঝকঝকে এই ট্রেনের অন্দরে যেভাবে আবর্জনা ছড়িয়ে থাকতে দেখা গেছে, তাতে স্বাভাবিকভাবেই যাত্রীদের দায়িত্ববোধ ও নাগরিক সচেতনতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
গত ১৭ জানুয়ারি, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মালদহ থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের। যদিও এখনও এই ট্রেনের বাণিজ্যিক পরিষেবা শুরু হয়নি, তবুও উদ্বোধনের দিনেই ট্রেনটি সাধারণ মানুষের নজরে আসে—তবে গর্বের কারণে নয়, বরং হতাশার জন্য।
উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, ট্রেনের ভেতরে বিভিন্ন জায়গায় প্লাস্টিকের প্যাকেট, ব্যবহৃত চামচ ও অন্যান্য আবর্জনা ছড়িয়ে রয়েছে। ঝাঁ-চকচকে কোচের এই করুণ অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনদের একাংশ।
ভিডিওটি এক ব্যক্তি তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করেন। পোস্টের সঙ্গে তিনি যাত্রীদের সাধারণ বোধ ও দায়িত্বজ্ঞান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তাঁর বক্তব্য, এত উন্নত ও ব্যয়বহুল পরিকাঠামো পাওয়ার পরও যদি যাত্রীরা এমন আচরণ করেন, তবে উন্নয়নের প্রকৃত মূল্য কোথায়?
ভিডিও ভাইরাল হতেই নেটদুনিয়ায় শুরু হয় তুমুল বিতর্ক। বহু মানুষ যাত্রীদের কঠোর সমালোচনা করেন। অনেকেই মন্তব্য করেন, “বিশ্বমানের ট্রেন বানালেই হবে না, তা রক্ষণাবেক্ষণের মানসিকতা না থাকলে এই উদ্যোগ ব্যর্থ হতে বাধ্য।” কেউ কেউ আবার প্রশ্ন তোলেন, বেশি ভাড়া দেওয়া সত্ত্বেও কেন যাত্রীরা এতটা অসচেতন আচরণ করছেন।
উল্লেখযোগ্য বিষয় হল, বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের ভাড়া সাধারণ ট্রেনের তুলনায় অনেকটাই বেশি। এই ট্রেনটি মূলত আরামদায়ক, আধুনিক ও পরিচ্ছন্ন যাত্রার অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই চালু করা হয়েছে। সেই প্রেক্ষিতে উদ্বোধনের দিনেই এমন চিত্র সামনে আসা রীতিমতো হতাশাজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ভাইরাল ভিডিওটির খবর পৌঁছতেই বিষয়টি খতিয়ে দেখতে তৎপর হয় ভারতীয় রেল কর্তৃপক্ষ। রেলের এক আধিকারিক জানান, “রেলের সম্পত্তি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রতিটি নাগরিকের দায়িত্ব। এই ধরনের আবর্জনা ফেলা বা অপরিষ্কার আচরণের ঘটনা ঘটলে রেল প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
এই ঘটনা নতুন করে মনে করিয়ে দিল, উন্নত পরিকাঠামোর পাশাপাশি নাগরিক দায়িত্ববোধ ও সচেতনতা কতটা জরুরি। শুধুমাত্র প্রযুক্তিগত উন্নয়ন নয়, মানসিকতার পরিবর্তনই পারে এমন উদ্যোগকে সত্যিকার অর্থে সফল করতে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.