২০১২ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন বরুণ ধাওয়ান। এরপর ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘বদলাপুর’, ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’, ‘দিলওয়ালে’, ‘ভেড়িয়া’র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে তাঁর ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এরই মধ্যে নতুন এক কারণে চর্চায় উঠে এলেন অভিনেতা।
বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে বরুণ জানান, তিনি একটি খেত কিনেছেন। ভিডিওতে দেখা যায়, সবুজে ঘেরা চাষের জমির মাঝে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা। পরনে বাদামি শার্ট, সাদা টি-শার্ট এবং কার্গো প্যান্ট। হাতে চায়ের পেয়ালা। সেই চায়ে বিস্কুট ডুবিয়ে খেতে খেতেই নিজের নতুন ‘অর্জন’-এর কথা জানান তিনি।
বরুণকে বলতে শোনা যায়, “আপনাদের সঙ্গে একটা খবর ভাগ করে নিতে চাই। এটা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আমি একটা খেত কিনেছি। এই হচ্ছে আমার খেত।” কেন তিনি খেত কিনেছেন, সেই প্রশ্ন না করারও অনুরোধ করেন অভিনেতা। তাঁর কথায়, এমন মনোরম আবহাওয়ায় নিজের জমিতে দাঁড়িয়ে চা-বিস্কুট খাওয়ার অনুভূতিই আলাদা।
অভিনেতার এই ভিডিও ইতিমধ্যেই নেটপাড়ায় বেশ চর্চা তৈরি করেছে। অনুরাগীদের একাংশ বরুণের এই সাদামাটা জীবনযাপন এবং প্রকৃতির কাছাকাছি থাকার মানসিকতার প্রশংসা করেছেন। তাঁদের মতে, তারকা হয়েও মাটির কাছাকাছি থাকতে পছন্দ করেন বরুণ। সেই কারণেই হয়তো নিজের একটি খেত কেনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তবে প্রশংসার পাশাপাশি কটাক্ষও জুটেছে অভিনেতার। বরুণের সাম্প্রতিক কাজের প্রসঙ্গ টেনে কেউ কেউ প্রশ্ন করেছেন, “আপনার কি বলিউডে কাজ খুব কম?” আবার কেউ জানতে চেয়েছেন, “পরবর্তী কোন সিনেমায় দেখা যাবে আপনাকে?” চলতি বছর ‘বর্ডার ২’ ছবিতে বরুণের অভিনয় নিয়েও নেটপাড়ায় সমালোচনা হয়েছিল। সেই প্রসঙ্গ টেনেই এবার তাঁকে খোঁচা দিয়েছেন নিন্দুকদের একাংশ।
তবে সমালোচনা কিংবা কটাক্ষ—কোনও কিছুতেই আপাতত নিজের নতুন খেত কেনার আনন্দে ভাটা পড়েনি বরুণের। সবুজ জমির মাঝে দাঁড়িয়ে চা-বিস্কুটে নিজের এই ‘বড় সাফল্য’ উদযাপন করতেই দেখা গেল তাঁকে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.