আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গের সরকারি বাসে মহিলাদের জন্য চালু হতে চলেছে বিনামূল্যে যাতায়াত পরিষেবা। সেই পরিকল্পনাকে কার্যকর করতে ইতিমধ্যেই একাধিক নির্দেশিকা তৈরি করেছে রাজ্যের পরিবহণ দফতর। যদিও এখনও সরকারিভাবে সম্পূর্ণ গাইডলাইন প্রকাশ করা হয়নি, তবুও দফতর সূত্রে জানা গিয়েছে, কারা এই সুবিধা পাবেন এবং কীভাবে তা কার্যকর হবে, তার রূপরেখা প্রায় চূড়ান্ত।
নতুন ব্যবস্থায় সরকারি বাসে সফরের সময় যোগ্য মহিলা যাত্রীদের কোনও ভাড়া দিতে হবে না। তবে এই সুবিধা পেতে হলে কিছু শর্ত মানতে হবে। প্রথমত, যাত্রীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, বাসে ওঠার সময় সচিত্র পরিচয়পত্র দেখাতে হবে। পরিচয় যাচাইয়ের পরই তাঁরা বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাবেন।
পরিবহণ দফতর সূত্রে খবর, শুরুতে মহিলা যাত্রীদের হাতে দেওয়া হবে ‘শূন্য টাকার টিকিট’। এই টিকিটে অশোক স্তম্ভের প্রতীক এবং পশ্চিমবঙ্গ সরকারের নাম উল্লেখ থাকবে। এর মাধ্যমে যাত্রীর ভ্রমণের নথিও সংরক্ষিত থাকবে এবং পরিষেবার ব্যবহার সম্পর্কেও হিসাব রাখা সম্ভব হবে।
পরবর্তীতে এই প্রক্রিয়াকে আরও সহজ করতে বিশেষ স্মার্ট কার্ড বা পরিচয়ভিত্তিক কার্ড চালুর পরিকল্পনাও করছে রাজ্য সরকার। সেই কার্ড দেখিয়েই ভবিষ্যতে মহিলা যাত্রীরা সরকারি বাসে বিনামূল্যে সফর করতে পারবেন বলে জানা গিয়েছে। এতে বাসকর্মীদেরও যাত্রী চিহ্নিত করতে সুবিধা হবে।
নতুন পরিষেবা যাতে নির্বিঘ্নে চালু করা যায়, তার জন্য ১ জুনের আগেই বাস চালক ও কন্ডাক্টরদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। কীভাবে যাত্রীদের যাচাই করতে হবে, কীভাবে শূন্য মূল্যের টিকিট দিতে হবে— সেই বিষয়ে বিশেষ নির্দেশ দেওয়া হবে বলে খবর।
অন্যদিকে, রাজ্যের সরকারি বাস পরিষেবাকে আরও শক্তিশালী করার দিকেও নজর দিচ্ছে পরিবহণ দফতর। বর্তমানে সরকারি বাসের সংখ্যা তুলনামূলকভাবে কমে গিয়েছে এবং বহু বাস অকেজো অবস্থায় পড়ে রয়েছে। সেই পরিস্থিতিতে বৈদ্যুতিক বাসের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই নতুন ই-বাস কেনার জন্য টেন্ডার প্রক্রিয়া শুরুর প্রস্তুতি চলছে।
এছাড়াও, কোন রুটে যাত্রীদের চাপ বেশি এবং কোথায় অতিরিক্ত বাস প্রয়োজন, তা নিয়ে সমীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই ভবিষ্যতে বিভিন্ন রুটে বাসের সংখ্যা ও পরিষেবা নির্ধারণ করা হবে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.