‘কেজিএফ’ খ্যাত দক্ষিণী তারকা যশের আসন্ন ছবি ‘টক্সিক’ ঘিরে বিতর্ক যেন থামছেই না। ছবির প্রথম ঝলকে অভিনেতার উপস্থিতি ও নগ্নতা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছেন তিনি। এমন পরিস্থিতিতে কর্নাটকে অভিনেতাকে নিয়ে তৈরি হয়েছে ক্ষোভও। এমনকী তাঁকে কর্নাটক থেকে বিতাড়িত করার হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি উঠে এসেছে। এর মধ্যেই মাতৃভাষা কন্নড়ের সঠিক উচ্চারণ নিয়ে মুখ খুলে নতুন করে চর্চায় যশ(Yash)।
‘টক্সিক’-এর প্রচারে জনপ্রিয় টক শো ‘আপ কি আদালত’-এ হাজির হয়েছিলেন অভিনেতা। সেখানেই সঞ্চালক রজত শর্মার মুখে কন্নড় ভাষার নামের উচ্চারণ শুনে তা শুধরে দেন যশ। অভিনেতার কথায়, “স্যর, আমার একটা অনুরোধ আছে। এটাকে আসলে ‘কন্নড়’ বলা হয় না। সকলকে বলছি—‘কান্নাড়া’ বলুন। দয়া করে এর নেপথ্যে আমাদের আবেগটা বুঝুন।”
মূল সাক্ষাৎকার থেকে বাদ পড়া এই অংশটি পরে শোয়ের নির্মাতারা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। ভিডিওটি সামনে আসতেই যশের বক্তব্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। কর্নাটকের একাংশের বাসিন্দা ও অনুরাগীরা মাতৃভাষার প্রতি অভিনেতার আবেগের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার আগের বিতর্কের প্রসঙ্গ টেনে তাঁকে ‘কর্নাটকের গর্ব’ বলেও অভিহিত করেছেন।

এদিকে ‘টক্সিক’-এর ঘনিষ্ঠ দৃশ্য ও নগ্নতা নিয়েও বিতর্ক অব্যাহত। ছবিতে নায়িকাদের সঙ্গে যশের দৃশ্য নিয়ে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও নানা জল্পনা ছড়িয়েছে। তবে স্ত্রী রাধিকা পণ্ডিতের প্রতিক্রিয়া নিয়ে যশ নিজেই মুখ খুলেছেন।
অভিনেতার দাবি, এমন দৃশ্য দেখে যে কোনও সঙ্গীর অস্বস্তি হওয়া স্বাভাবিক। তবে রাধিকা তাঁর উপর আস্থা রাখেন। যশ বলেন, রাধিকা এই দৃশ্যগুলি নিয়ে খুব একটা খুশি নন, কিন্তু তিনি রাগও করেননি। কারণ রাধিকা নিজেও অভিনেত্রী এবং অভিনয় পেশার বাস্তবতা বোঝেন।
যশের কথায়, পর্দায় অভিনয় করার সময় তিনি শুধু একজন অভিনেতা হিসেবেই থাকেন, স্বামী হিসেবে নয়। তাই ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে নয়, পেশাগত দায়িত্ব হিসেবেই তিনি ছবির দৃশ্যগুলিকে দেখেন।
‘টক্সিক’ ঘিরে বিতর্ক, সমালোচনা ও নানা জল্পনার মধ্যেই ছবির প্রচারে ব্যস্ত যশ। মাতৃভাষার উচ্চারণ নিয়ে তাঁর মন্তব্য নতুন করে অনুরাগীদের সমর্থন এনে দেয় কি না, এখন সেটাই দেখার।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.