Kangana-Ramdev: নিট কেলেঙ্কারিকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তরে জেন জি-র আন্দোলনের সময় তরুণ প্রজন্মকে ‘নর্দমার আবর্জনা’ বলে কটাক্ষ করার অভিযোগ উঠেছিল অভিনেত্রী তথা মাণ্ডির সাংসদ কঙ্গনা রানাউতের বিরুদ্ধে। তাঁর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিভিন্ন মহল। এবার কঙ্গনার বক্তব্যের সমালোচনায় সরব হলেন যোগগুরু বাবা রামদেবও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রামদেব স্পষ্ট করে জানান, কঙ্গনা তাঁর যোগব্যায়ামের ভক্ত হলেও অভিনেত্রীর কোনও অন্যায় মন্তব্যকে তিনি সমর্থন করবেন না। দেশের যুবসমাজকে ‘নর্দমার আবর্জনা’ বলা ‘বিকৃত মানসিকতার লক্ষণ’ বলেও মন্তব্য করেন তিনি।
সাংবাদিক কঙ্গনার মন্তব্য প্রসঙ্গে রামদেবের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি অভিনেত্রীর অতীত কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন। কঙ্গনা বর্তমানে মাণ্ডির সাংসদ—সাংবাদিকের এই বক্তব্যের পর রামদেব পালটা প্রশ্ন করেন, “আগে তাঁর কর্মকাণ্ড কেমন ছিল?” এরপরই তিনি বলেন, “আমি এমন মানুষদের নিয়ে কথা বলতে চাই না। দেশের যুবসমাজকে নর্দমার আবর্জনা বলাটা বিকৃত মানসিকতার লক্ষণ।”

সাংবাদিক তাঁকে মনে করিয়ে দেন, কঙ্গনা তাঁর যোগব্যায়ামের ভক্ত এবং নিজেকে সনাতনী বলে পরিচয় দেন। এর জবাবে রামদেব বলেন, কেউ তাঁর যোগাসনের প্রশংসা করলেই তাঁর অন্যায়কে আড়াল করা সম্ভব নয়। যুবসমাজের গুরুত্ব বোঝাতে গিয়ে রামদেব বলেন, যুবসমাজ কোনও একটি নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না। তাঁদের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, দলিত, আদিবাসী, বনবাসী, এসসি, এসটি-সহ বিভিন্ন সম্প্রদায়ের সন্তান রয়েছেন। তাঁর কথায়, দেশের যুবসমাজই দেশের সর্বস্ব এবং তাঁদের শক্তিকে অস্বীকার করার কোনও উপায় নেই।
অন্যদিকে, নিজের মন্তব্য নিয়ে বিতর্কের পর কঙ্গনা একটি ভিডিওবার্তায় দাবি করেছিলেন, তিনি গোটা জেনারেশনকে কটাক্ষ করেননি। তাঁর বক্তব্য ছিল, যন্তর মন্তরে যে নির্দিষ্ট ভিড় হয়েছিল, তিনি শুধুমাত্র সেই ভিড়ের কথাই বলেছিলেন। কঙ্গনা আরও বলেন, তাঁর এমন কোনও নির্দিষ্ট বক্তব্য দেখানো হোক যেখানে তিনি গোটা প্রজন্মকে বোঝাতে চেয়েছেন। একইসঙ্গে তিনি দাবি করেন, তিনি কখনও যুবসমাজের বিরোধী নন, কারণ তিনিও নিজেকে তরুণ প্রজন্মের অংশ হিসেবেই দেখেন।

এই বিতর্কের মধ্যেই রামদেবের প্রকাশ্য সমালোচনা কঙ্গনার মন্তব্যকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.