চুম্বন মানেই শুধু ভালোবাসার প্রকাশ নয়। প্রিয় মানুষকে আলিঙ্গন বা চুম্বনের মতো ঘনিষ্ঠতা মানসিক চাপ কমাতেও সাহায্য করতে পারে। এমনকী, নিয়মিত চুম্বনের সঙ্গে শারীরিক সুস্থতারও যোগ রয়েছে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি দাবি—প্রতিদিন ২২ মিনিট চুম্বন করলে আয়ু ৭ বছর পর্যন্ত বেড়ে যেতে পারে—নিয়ে তৈরি হয়েছে বিস্তর কৌতূহল।
এই দাবির সূত্র হিসেবে প্রায়ই জার্মান মনোবিদ আর্থার জাবোরের একটি পুরনো গবেষণার কথা উল্লেখ করা হয়। গত শতকের আশির দশকে প্রকাশিত সেই গবেষণায় বলা হয়েছিল, যে পুরুষেরা প্রতিদিন কাজে বেরোনোর আগে স্ত্রীকে চুম্বন করতেন, তাঁরা অন্যদের তুলনায় গড়ে প্রায় পাঁচ বছর বেশি বাঁচতেন।
তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই তথ্যই সোশ্যাল মিডিয়ায় বদলে গিয়ে ‘পাঁচ বছর’ থেকে ‘সাত বছর’ এবং সকালের বিদায়ী চুম্বন থেকে ‘প্রতিদিন ২২ মিনিট চুম্বন’-এর দাবিতে পরিণত হয়েছে। অর্থাৎ, ভাইরাল দাবিটির মধ্যে যথেষ্ট অতিরঞ্জন রয়েছে। ২২ মিনিট চুম্বন করলেই আয়ু ঠিক সাত বছর বেড়ে যাবে—এমন নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই।
আরও পড়ুন,
লেপার্ডের পিঠে বসে মানুষ! ১১ হাজার বছরের প্রাচীন মূর্তি ঘিরে নতুন রহস্য
তবে চুম্বনের ইতিবাচক প্রভাব একেবারে উড়িয়ে দেওয়া যায় না। প্রিয় মানুষের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটালে শরীরে বিভিন্ন ‘ফিল গুড’ রাসায়নিকের নিঃসরণ বাড়তে পারে। এর ফলে মানসিক চাপ কমতে, মেজাজ ভালো রাখতে এবং পারস্পরিক বন্ধন দৃঢ় করতে সাহায্য করে। দীর্ঘমেয়াদে একটি সুস্থ ও সুখী সম্পর্কও সামগ্রিক জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

চুম্বনের আরও কিছু সম্ভাব্য শারীরিক উপকারের কথাও গবেষণায় আলোচিত হয়েছে। ঘনিষ্ঠতা ও চুম্বনের সময় হৃদস্পন্দন ও রক্তসঞ্চালনে পরিবর্তন হতে পারে, যা কিছু ক্ষেত্রে রক্তচাপ কমাতে সহায়ক হতে পারে। ব্যথা ও উদ্বেগের অনুভূতিও সাময়িকভাবে কমতে পারে।
আরও পড়ুন,
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হাঁটত আধুনিক মানুষের মতো! ‘হবিট মানব’কে নিয়ে নতুন গবেষণায় চাঞ্চল্য
চুম্বনের সময় লালারসের আদানপ্রদান হয়। এর মাধ্যমে নতুন অণুজীবের সংস্পর্শে আসে শরীর, যা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে বিভিন্ন জীবাণু শনাক্ত করার ক্ষেত্রে এক ধরনের ‘প্রশিক্ষণ’ দিতে পারে—এমন ধারণাও রয়েছে। তবে এর বিপরীত দিকও আছে। লালারসের মাধ্যমে কিছু সংক্রামক রোগ ছড়িয়ে পড়তে পারে। তাই অসুস্থ অবস্থায় চুম্বনের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি।

সব মিলিয়ে, ‘প্রতিদিন ২২ মিনিট চুম্বন = সাত বছর বেশি আয়ু’—এই সমীকরণকে বৈজ্ঞানিক সত্য হিসেবে ধরে নেওয়া ঠিক নয়। বরং চুম্বনের আসল গুরুত্ব লুকিয়ে রয়েছে ভালোবাসা, মানসিক প্রশান্তি এবং পারস্পরিক বন্ধনের মধ্যে। তাই আয়ু বাড়ানোর হিসাব না কষে প্রিয় মানুষের সঙ্গে সুস্থ, সুখী এবং আন্তরিক সম্পর্ক বজায় রাখাই হতে পারে দীর্ঘ ও ভালো জীবনের অন্যতম চাবিকাঠি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.