হরিয়ানার উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। মাত্র ৩০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর জীবনাবসান ঘটে, যা মেনে নিতে পারছেন না অনুরাগীরা। তবে মৃত্যুর পর তাঁর একটি পুরনো ইনস্টাগ্রাম পোস্ট নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
পরিবার সূত্রে জানা গেছে, ২১ এপ্রিল গাজিয়াবাদে নিজের বাড়িতেই ছিলেন দিব্যাঙ্কা। আচমকা অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এই ঘটনার পরই ভাইরাল হয়ে ওঠে তাঁর ২০২৩ সালের একটি ইনস্টাগ্রাম পোস্ট। ছবিতে নীল জ্যাকেট ও মেরুন পাগড়িতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন— “মহাদেব, আপনার সঙ্গে নিয়ে যান।” এই মন্তব্য ঘিরেই এখন নানা জল্পনা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, যেন আগাম কোনও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। যদিও এমন ভাবনা সম্পূর্ণই আবেগপ্রসূত বলেই মত একাংশের।
১৯৯৬ সালে উত্তরপ্রদেশের বুলন্দশহরে জন্মগ্রহণ করেন দিব্যাঙ্কা। মীরাটের চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর সিকিম থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এরপর অভিনয় জগতে নিজের জায়গা তৈরি করতে শুরু করেন তিনি।
ছোটবেলা থেকেই অভিনয় ও নাচের প্রতি গভীর আগ্রহ ছিল তাঁর। সোশ্যাল মিডিয়ায়, বিশেষত টিকটকে ভিডিও বানিয়ে জনপ্রিয়তা পান। একবার দীপাবলিতে একটি পাঞ্জাবি গানের ভিডিও ভাইরাল হওয়ার পরই তাঁর কেরিয়ারের মোড় ঘুরে যায়।
স্বল্প সময়ের মধ্যেই প্রায় ৫০টিরও বেশি মিউজিক ভিডিওতে কাজ করেন দিব্যাঙ্কা। জনপ্রিয় শিল্পী মাসুম শর্মা, কেডি এবং অমিত সাইনি রোহতকিয়ার মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। নিজের পরিশ্রম ও প্রতিভায় দ্রুতই দর্শকদের মন জয় করেছিলেন এই তরুণী।
কেরিয়ারের একেবারে শুরুর দিকেই তাঁর এই অকাল প্রয়াণ বিনোদন মহলে এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা তাঁর আত্মার শান্তি কামনা করছেন এবং শেষ পোস্ট ঘিরে আবেগঘন প্রতিক্রিয়া জানাচ্ছেন।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.