বারাকপুর বিধানসভা কেন্দ্রে পরাজয়ের পর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। নির্বাচনের ফল প্রকাশের কয়েক দিন পর প্রকাশ্যে এসে তিনি জানান, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনই ছিল তাঁর রাজনৈতিক জীবনের শেষ অধ্যায়।
ভোটের আগে প্রচারের সময় বারাকপুরে রাজ চক্রবর্তীর সমর্থনে ব্যাপক উচ্ছ্বাস দেখা গিয়েছিল। রোড শো থেকে জনসভা— বিভিন্ন কর্মসূচিতে তাঁকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তবে ফল ঘোষণার পরে পরিস্থিতির সম্পূর্ণ বদল ঘটে। গণনাকেন্দ্র থেকে বেরোনোর সময় তাঁকে উদ্দেশ্য করে কটূক্তি, স্লোগান এবং কাদা ছোড়ার ঘটনাও সামনে আসে। এমন পরিস্থিতিতেও তিনি শান্তভাবেই এলাকা ছাড়েন।
পরবর্তীতে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে রাজ চক্রবর্তী জানান, জীবনের প্রতিটি দায়িত্ব তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছেন। চলচ্চিত্র পরিচালকের কাজ হোক বা রাজনৈতিক দায়িত্ব— সব ক্ষেত্রেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন বলে তাঁর দাবি। তিনি বলেন, জীবনে জয়-পরাজয় দুটোই থাকে এবং সেই বাস্তবতাকেই তিনি মেনে নিয়েছেন।
২০২১ সালে রাজনীতিতে যোগ দিয়ে প্রথমবার বিধায়ক হন রাজ। গত পাঁচ বছরে মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন তিনি। তবে এবারের নির্বাচনী ফলাফলকে সম্মান জানিয়ে তিনি স্পষ্ট করে দেন, এখানেই তাঁর রাজনৈতিক সফরের ইতি।
একই সঙ্গে বাংলার মানুষের রায়কে সম্মান জানিয়ে নবনির্বাচিত সরকারকেও শুভেচ্ছা জানিয়েছেন রাজ চক্রবর্তী। তাঁর আশা, আগামী দিনে নতুন সরকারের হাত ধরে পশ্চিমবঙ্গ আরও উন্নতির পথে এগোবে এবং সাধারণ মানুষের সমস্যার সমাধান হবে। সকলের সুস্থতা ও মঙ্গল কামনাও করেছেন তিনি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.