ভারতীয় রান্নাঘরে আলুর জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। নিরামিষ থেকে আমিষ, স্ন্যাকস থেকে প্রধান পদ— প্রায় সব ধরনের রান্নাতেই আলুর ব্যবহার দেখা যায়। তবে অনেক সময় আলু সেদ্ধ করার পর দেখা যায় খোসা সহজে ছাড়ছে না, ভিতরটা সমানভাবে সিদ্ধ হয়নি বা স্বাদে এক ধরনের মাটির গন্ধ থেকে যাচ্ছে। এর পিছনে শুধু আলুর গুণগত মান নয়, সেদ্ধ করার পদ্ধতিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
রান্নার বিশেষজ্ঞদের মতে, আলু সেদ্ধ করার সময় কয়েকটি সাধারণ কৌশল মেনে চললে স্বাদ ও গুণমান অনেকটাই বাড়ানো সম্ভব।
সেদ্ধর জলে সামান্য লবণ

জল ফুটতে শুরু করলে তাতে অল্প লবণ মিশিয়ে দিলে আলুর ভিতরে ধীরে ধীরে স্বাদ প্রবেশ করে। পাশাপাশি খোসাও তুলনামূলক সহজে আলগা হয়ে আসে, ফলে পরে ছাড়াতে বেশি কষ্ট হয় না।
সামান্য তেল ব্যবহার করা যেতে পারে
যাঁরা প্রেসার কুকারে আলু সেদ্ধ করেন, তাঁরা জলে এক চা-চামচ সরষের তেল মিশিয়ে দেখতে পারেন। এতে আলুর খোসা তুলনামূলক সহজে খুলে আসে এবং আলুর বাইরের অংশ অতিরিক্ত ভেঙে যাওয়ার সম্ভাবনাও কমে।
লেবুর রসের ব্যবহার
কয়েক ফোঁটা লেবুর রস সেদ্ধর জলে মিশিয়ে দিলে আলুর স্বাভাবিক রং বজায় থাকে এবং স্বাদও সতেজ থাকে। বিশেষ করে স্যালাড বা ঠান্ডা আলুর পদ তৈরির ক্ষেত্রে এই কৌশল কার্যকর হতে পারে।
তেজপাতার সুবাস
সেদ্ধর জলে এক-দুটি তেজপাতা দিলে আলুর মধ্যে হালকা সুগন্ধ তৈরি হয়। পরে সেই আলু দিয়ে তরকারি বা অন্য কোনও পদ রান্না করলে স্বাদে বাড়তি মাত্রা যোগ হতে পারে।
ভিনিগারও হতে পারে উপকারী
অল্প পরিমাণ ভিনিগার মেশানো জলে আলু সেদ্ধ করলে তা দ্রুত নরম হলেও সহজে গলে যায় না। ফলে ফ্রেঞ্চ ফ্রাই, আলুর চাট বা ভাজার জন্য আলুর গঠন ভালো থাকে এবং রান্নার সময়ও কম লাগে।
আলুতে ছোট ছিদ্র করলে সুবিধা
আলু যদি বড় হয়, তবে মাঝখান থেকে কেটে বা কাঁটাচামচ দিয়ে চারদিকে ছোট ছোট ছিদ্র করে নেওয়া যেতে পারে। এতে সেদ্ধর সময় জল বা অন্যান্য উপাদান সহজে ভিতরে প্রবেশ করে এবং আলু সমানভাবে সিদ্ধ হয়। ছোট আলুর ক্ষেত্রেও বাইরের দিকে হালকা ছিদ্র বা আঁচড় করে নেওয়া যেতে পারে।
আরও কিছু বিষয় মাথায় রাখুন
*খুব বেশি সময় ধরে আলু সেদ্ধ করলে তা অতিরিক্ত নরম হয়ে যেতে পারে।
*সেদ্ধ হওয়ার পর সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিলে অনেক সময় খোসা ছাড়ানো সহজ হয়।
*রান্নার ধরন অনুযায়ী আলুর জাত নির্বাচন করলেও স্বাদ ও টেক্সচারে পার্থক্য আসে।
সঠিক পদ্ধতিতে আলু সেদ্ধ করলে শুধু খোসা ছাড়ানোই সহজ হয় না, বরং রান্নার স্বাদ ও গঠনও অনেক উন্নত হয়। তাই ছোট ছোট কয়েকটি অভ্যাস বদলালেই প্রতিদিনের রান্নায় মিলতে পারে আরও ভালো ফল।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.