দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বহুল আলোচিত ছবি ‘টক্সিক’-এর নতুন মুক্তির দিন ঘোষণা করলেন দক্ষিণী সুপারস্টার যশ। রবিবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে তিনি জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২৬ আগস্ট বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবিটি। এই ঘোষণার পর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
‘টক্সিক’ নির্মাণ করছে মনস্টার মাইন্ড ক্রিয়েশন এবং কেভিএন প্রোডাকশন। ছবিটি প্রথম ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২০২৪ সালে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে কাজ পিছিয়ে যায়। সেই কারণে মুক্তির নির্ধারিত সময়সূচিও একাধিকবার বদলাতে হয়েছে।
প্রথমে ছবিটি ২০২৫ সালের ১০ এপ্রিল মুক্তির জন্য নির্ধারিত ছিল। পরে নতুন তারিখ হিসেবে ১৯ মার্চের কথা সামনে আসে। কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতি এবং প্রযোজনাগত কারণে সেই সময়ও ছবি মুক্তি সম্ভব হয়নি। জুন মাসে নির্মাতারা জানিয়েছিলেন, খুব শীঘ্রই ছবিটি দর্শকদের সামনে আনা হবে। অবশেষে রবিবার যশ নিজেই নতুন তারিখ ঘোষণা করে অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটালেন।
অ্যাকশন, অপরাধ এবং প্রাপ্তবয়স্ক উপাদানে ভরপুর ‘টক্সিক’-এর কাহিনি আবর্তিত হয়েছে নব্বইয়ের দশকের গোয়াকে কেন্দ্র করে। সেই সময়ের গোয়ায় মাদক চক্র, অপরাধ জগত এবং ক্ষমতার দাপটে গড়ে ওঠা এক অন্ধকার সাম্রাজ্যের গল্পই তুলে ধরা হবে ছবিতে। এই নিষ্ঠুর এবং রহস্যময় জগতের নানা দিক দর্শকদের সামনে তুলে ধরবেন যশ।
ছবিটি মূলত কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হলেও মুক্তি পাবে হিন্দি, তেলুগু, তামিল এবং মালয়ালম ভাষাতেও। ফলে দেশের বিভিন্ন প্রান্তের দর্শকদের কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্য নিয়েই তৈরি হচ্ছে এই মেগাবাজেট সিনেমা।
অভিনয়শিল্পীদের তালিকাও যথেষ্ট আকর্ষণীয়। যশের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কিয়ারা আডবাণীকে। এছাড়া বিশেষ চরিত্রে রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। ‘এলিজাবেথ’ নামের এক প্রভাবশালী চরিত্রে অভিনয় করছেন হুমা কুরেশি। ‘মেলিসা’ চরিত্রে রয়েছেন রুক্মিণী বসন্ত এবং একটি শক্তিশালী, রাফ-অ্যান্ড-টাফ চরিত্রে দেখা যাবে নয়নতারাকে।
একাধিকবার মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার কারণে ছবিটি নিয়ে কৌতূহল আরও বেড়েছে। এখন দেখার, দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেয়ে দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে যশের বহুচর্চিত গ্যাংস্টার ড্রামা ‘টক্সিক’।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.