মারাঠি সিনেমা, হিন্দি ছবি এবং ওটিটি প্ল্যাটফর্মে নিজের অভিনয় দক্ষতায় আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী প্রিয়া বাপট। একাধিক প্রশংসিত প্রজেক্টে কাজ করলেও কেরিয়ারের শুরুর দিকে তাঁকে বেশ কিছু অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।
অভিনেত্রীর দাবি, একটি ছবির শুটিং চলাকালীন তাঁর এক সহ-অভিনেতার সঙ্গে চুম্বনের দৃশ্য ছিল। সেই দৃশ্যের মহড়া ও শুটিংয়ের সময় সংশ্লিষ্ট অভিনেতা বারবার তাঁকে চুম্বন করছিলেন, যা তাঁকে অত্যন্ত অস্বস্তিতে ফেলে। প্রিয়ার কথায়, তখন তিনি বুঝতেই পারেননি কীভাবে ওই পরিস্থিতির প্রতিবাদ করতে হয় বা নিজের অস্বস্তির কথা স্পষ্টভাবে জানাতে হয়।
প্রিয়া আরও জানান, শুরু থেকেই ওই চুম্বনের দৃশ্য নিয়ে তাঁর আপত্তি ছিল। চিত্রনাট্য পড়ার সময় তিনি পরিচালকের কাছেও জানতে চেয়েছিলেন, দৃশ্যটি আদৌ গল্পের জন্য প্রয়োজনীয় কি না। তাঁর অভিযোগ, স্ক্রিপ্টে দৃশ্যটি যেভাবে লেখা ছিল, শুটিংয়ের সময় সহ-অভিনেতা তার সীমা অতিক্রম করেছিলেন।
অভিনেত্রীর কথায়, একটি গানের দৃশ্যের শুটিংয়ের সময়ও সহ-অভিনেতা নিজের মতো করে অভিনয় করতে গিয়ে বারবার তাঁকে চুম্বন করছিলেন। যদিও ঘটনাগুলি তাঁকে বিচলিত করেছিল, সেই সময় কীভাবে পরিস্থিতির মোকাবিলা করতে হয়, সে বিষয়ে তিনি যথেষ্ট প্রস্তুত ছিলেন না বলে জানিয়েছেন প্রিয়া।
শুধু শুটিং ফ্লোরেই নয়, শুটিং শেষে একই হোটেলে থাকার সময়ও ওই অভিনেতার আচরণে তিনি অস্বস্তিতে পড়েছিলেন বলে দাবি করেছেন প্রিয়া। তাঁর কথায়, বিভিন্ন অজুহাতে প্রাতরাশ বা নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে তাঁকে বারবার ডাকা হত। তিনি একাধিকবার সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি।
শেষ পর্যন্ত তাঁর স্বামী উমেশ মুম্বই থেকে এসে কয়েকদিন তাঁর সঙ্গে ছিলেন বলে জানিয়েছেন অভিনেত্রী। তবে এই অভিযোগের প্রসঙ্গে প্রিয়া সংশ্লিষ্ট অভিনেতার নাম প্রকাশ্যে আনেননি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.