টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্রর জন্মদিনে বিশেষ শুভেচ্ছাবার্তা জানিয়ে আবারও আলোচনায় এলেন অভিনেতা ও সাংসদ দেব। শনিবার সকালেই সোশ্যাল মিডিয়ায় রুক্মিণীর উদ্দেশে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন তিনি। সেই পোস্টে উঠে আসে তাঁদের আসন্ন ছবি ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’-তে রুক্মিণীর নতুন লুকও।
পোস্টে ছবির চরিত্র ‘মঞ্জু’র বেশে দেখা যায় রুক্মিণীকে। সালোয়ার-কামিজ, হালকা মেকআপ এবং মুখে মিষ্টি হাসি—সব মিলিয়ে একেবারে স্নিগ্ধ ও সহজ-সরল রূপে ধরা দেন অভিনেত্রী। ছবিতে তিনি অভিনয় করছেন উত্তরবঙ্গের সমাজসেবী করিমূল হকের স্ত্রী মঞ্জুর চরিত্রে।
রুক্মিণীর জন্মদিন উপলক্ষে দেব লিখেছেন, ‘শুভ জন্মদিন রুক্মিণী। ঈশ্বর তোমার জীবনকে সুখ ও শান্তিতে ভরিয়ে রাখুন। সুস্থ থেকো এবং যেমন আছো তেমনই থেকো।’ সংক্ষিপ্ত হলেও এই বার্তায় ছিল আন্তরিকতা ও ভালোবাসার ছোঁয়া, যা মুহূর্তেই অনুরাগীদের নজর কাড়ে। দেবের পোস্টের মন্তব্য বিভাগেও অভিনেত্রীর জন্য শুভেচ্ছার বন্যা বয়ে যায়।
এর আগেও চলতি বছরের নারীদিবসে ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ ছবিতে রুক্মিণীর প্রথম লুক প্রকাশ করেছিলেন দেব। তখন তিনি মঞ্জু চরিত্রকে করিমূল হকের জীবনের ‘ধ্রুবতারা’ বলে উল্লেখ করেছিলেন। এবার জন্মদিনে প্রকাশ্যে এল ছবির আরও একটি নতুন ঝলক।
দেব ও রুক্মিণী দীর্ঘদিন ধরেই টলিউডের জনপ্রিয় জুটি। ‘চ্যাম্প’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’ এবং ‘কিশমিশ’-এর মতো একাধিক ছবিতে তাঁদের রসায়ন দর্শকদের মন জয় করেছে। কয়েক বছর পর আবারও এই জুটিকে একসঙ্গে দেখতে চলেছেন দর্শকরা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ ছবিতে।
২০১৭ সাল থেকে দেব ও রুক্মিণীকে একসঙ্গে দেখতে অভ্যস্ত তাঁদের অনুরাগীরা। তাঁদের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে নানা জল্পনা তৈরি হলেও, সেই সব আলোচনা থেকে দূরে থেকে নিজেদের বন্ধনকে আরও দৃঢ় করেছেন দু’জনেই। পেশাগত ক্ষেত্রেও একে অপরের পাশে থেকেছেন তাঁরা। অভিনয়, প্রযোজনা কিংবা ব্যক্তিগত মুহূর্ত—সব ক্ষেত্রেই দু’জনের পারস্পরিক সমর্থন ও বোঝাপড়া তাঁদের সম্পর্ককে আরও বিশেষ করে তুলেছে। আর রুক্মিণীর জন্মদিনে দেবের এই আন্তরিক বার্তা যেন সেই সম্পর্কের উষ্ণতারই আরেকটি প্রকাশ।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.