বাইরে ঝিরঝিরি বৃষ্টি, আর সঙ্গে এক প্লেট গরম গরম পকোড়া—এই যুগলবন্দির তুলনা নেই। তবে ডুবো তেলে ভাজার ঝক্কি, অতিরিক্ত তেল খাওয়ার চিন্তা কিংবা রান্নাঘরের নিরাপত্তার কারণে অনেকেই ভাজাভুজি এড়িয়ে চলেন। এই সমস্যার সহজ সমাধান হতে পারে এয়ার ফ্রায়ার। অল্প তেলেই এতে তৈরি করা যায় একেবারে মুচমুচে, সুস্বাদু পকোড়া। জেনে নিন তিন ধরনের এয়ার ফ্রায়ার পকোড়ার সহজ রেসিপি।
১) পিঁয়াজ পকোড়া
প্রয়োজনীয় উপকরণ
ঝিরঝিরি করে কাটা পিঁয়াজ
*১ কাপ বেসন
*২ টেবিলচামচ চালের গুঁড়ো
*১ চা-চামচ লাল লঙ্কার গুঁড়ো
*১ চা-চামচ হলুদ গুঁড়ো
*১ চা-চামচ জিরা গুঁড়ো
*এক চিমটি জোয়ান
*স্বাদমতো লবণ
*সামান্য তেল
তৈরির পদ্ধতি
একটি পাত্রে বেসন, চালের গুঁড়ো, সব মশলা এবং কাটা পিঁয়াজ একসঙ্গে ভালোভাবে মেখে নিন। ১০ মিনিট ঢেকে রেখে দিন। এয়ার ফ্রায়ার ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করুন। মিশ্রণ থেকে ছোট ছোট পকোড়া তৈরি করে ট্রেতে সাজিয়ে হালকা তেল ব্রাশ করুন। ১০-১২ মিনিট এয়ার ফ্রাই করুন। মাঝপথে একবার উল্টে দিন। সোনালি রং হলে ধনেপাতার চাটনির সঙ্গে পরিবেশন করুন।
২) চিজি পনির পকোড়া
প্রয়োজনীয় উপকরণ
*২০০ গ্রাম পনির (কিউব করে কাটা)
*১ কাপ বেসন
*আধ চা-চামচ জোয়ান
*১ চা-চামচ লাল লঙ্কার গুঁড়ো
*আধ চা-চামচ হলুদ গুঁড়ো
*১ চা-চামচ চাট মসলা
*স্বাদমতো লবণ
*সামান্য তেল
তৈরির পদ্ধতি
বেসন, মশলা ও সামান্য জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করে ৫ মিনিট রেখে দিন। এরপর পনিরের টুকরোগুলি ব্যাটারে ভালোভাবে মাখিয়ে নিন। এয়ার ফ্রায়ার ১৭০ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে ট্রেতে হালকা তেল স্প্রে করুন। পনিরের টুকরো সাজিয়ে ৮ মিনিট রান্না করুন। এরপর উল্টে সামান্য তেল ব্রাশ করে আরও ৩-৪ মিনিট এয়ার ফ্রাই করুন। পুদিনা-দই ডিপের সঙ্গে পরিবেশন করলে স্বাদ আরও বাড়বে।
৩) ভেজিটেবল পকোড়া
প্রয়োজনীয় উপকরণ
*কুচি করা বাঁধাকপি
*কুচি করা গাজর
*পেঁয়াজ
*কাঁচা লঙ্কা
*ধনেপাতা
*২ টেবিলচামচ বেসন
*হলুদ গুঁড়ো
*লাল লঙ্কার গুঁড়ো
*জিরা গুঁড়ো
*১ চা-চামচ বেকিং পাউডার
*স্বাদমতো লবণ
*সামান্য তেল
তৈরির পদ্ধতি
সবজির সঙ্গে লবণ মিশিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর বেসন, মশলা ও বেকিং পাউডার মিশিয়ে সামান্য জল দিয়ে আঠালো মিশ্রণ তৈরি করুন। ১৫ মিনিট বিশ্রামে রাখুন। এয়ার ফ্রায়ার ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করুন। ছোট ছোট পকোড়া তৈরি করে ট্রেতে সাজিয়ে ১০ মিনিট রান্না করুন। মাঝপথে সামান্য তেল ব্রাশ করে আরও ২-৩ মিনিট এয়ার ফ্রাই করুন। মুচমুচে হয়ে গেলে টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করুন।
কেন এয়ার ফ্রায়ারে পকোড়া বানাবেন?
*ডুবো তেলে ভাজার প্রয়োজন হয় না।
*খুব কম তেল ব্যবহারেই মুচমুচে টেক্সচার পাওয়া যায়।
*তুলনামূলকভাবে স্বাস্থ্যকর।
*রান্নাঘরে তেলের ছিটে বা দুর্ঘটনার ঝুঁকিও কম।
*কম সময়ে সহজেই তৈরি করা যায় সন্ধ্যার মুখরোচক নাস্তা।
Recipe: পুরী যেতে পারেননি? উলটো রথে বাড়িতেই বানান জগন্নাথদেবের প্রিয় ৫ ভোগ
বর্ষার সন্ধ্যায় এক কাপ গরম চা আর এয়ার ফ্রায়ারে তৈরি এই তিন ধরনের পকোড়া মুহূর্তেই জমিয়ে দিতে পারে পরিবারের আড্ডা।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.