বলিউড অভিনেতা রাজপাল যাদব(Rajpal Yadav)-এর আইনি জটিলতা যেন কাটছেই না। ৯ কোটির চেক বাউন্স মামলায় সম্প্রতি আদালতের রায়ের পর এবার নতুন করে বড় আর্থিক সংকটে পড়েছেন তিনি। অভিযোগ, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে নেওয়া ১৬.৬১ কোটি টাকার ঋণ দীর্ঘদিন ধরে পরিশোধ না করায় তাঁর উত্তরপ্রদেশের শাহজাহানপুরে অবস্থিত পৈতৃক বাড়ি ও সম্পত্তির বিরুদ্ধে নিলামের প্রক্রিয়া শুরু করেছে ব্যাঙ্ক।
১৬.৬১ কোটি টাকার ঋণ নিয়ে নতুন বিপাকে অভিনেতা
সূত্রের খবর, রাজপাল যাদব(Rajpal Yadav) তাঁর স্ত্রী রাধা যাদব এবং মা গোদাবরীর নামে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুম্বই শাখা থেকে ১৬.৬১ কোটি টাকার ঋণ নিয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে সেই ঋণ পরিশোধ না হওয়ায় ব্যাঙ্ক আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।
জানা গেছে, প্রায় দু’বছর আগেও একই কারণে অভিনেতাকে সতর্ক করে নিলামের নোটিস দেওয়া হয়েছিল। সে সময় ব্যাঙ্কের সঙ্গে সমঝোতা হওয়ায় বিষয়টি সাময়িকভাবে মিটে যায়। তবে পরবর্তীতেও ঋণ শোধ না হওয়ায় ফের নিলামের নোটিস জারি করা হয়েছে।
৩৪ দিনের সময়সীমা, ৯ সেপ্টেম্বর নিলামের সম্ভাবনা
ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩৪ দিনের মধ্যে বকেয়া ঋণ পরিশোধ না করা হলে রাজপাল যাদবের শাহজাহানপুরের পৈতৃক সম্পত্তি নিলামে তোলা হবে। প্রাথমিকভাবে নিলামের তারিখ ৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
চেক বাউন্স মামলার পর ফের আইনি চাপ
এর আগেই ৯ কোটির চেক বাউন্স মামলায় রাজপাল যাদবকে তিন মাসের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছিল। ওই মামলায় চলতি বছরের ফেব্রুয়ারিতে তাঁকে ১১ দিন তিহাড় জেলেও থাকতে হয়। পরে অন্তর্বর্তীকালীন জামিন পেলেও আদালতের নির্দেশ অনুযায়ী বকেয়া অর্থ পরিশোধ করতে না পারায় আবারও আইনি জটিলতার মুখে পড়েন অভিনেতা।

কী বলছেন রাজপালের পরিবার?
এ বিষয়ে রাজপাল যাদবের বড় ভাই শ্রীপাল যাদব জানিয়েছেন, বিষয়টি নতুন নয়। তাঁর দাবি, ঋণ পরিশোধের বিষয়ে ব্যাঙ্কের সঙ্গে আলোচনা চলছে এবং খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে। তাঁর কথায়, বর্তমানে সম্পত্তি নিলামের মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে ব্যাঙ্কের নোটিস জারি হওয়ার ঘটনায় রাজপাল যাদবের আর্থিক পরিস্থিতি নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.