গাড়ি আটকে কংগ্রেস নেতা ও তাঁর পুত্রকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ নদিয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডহরি রেল গেটের কাছে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চারচাকা গাড়িতে করে বাড়ি ফিরছিলেন কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তাঁর ২৪ বছর বয়সি পুত্র আবু সুফিয়ান। অভিযোগ, বেথুয়াডহরি রেল গেটের কাছে তাঁদের গাড়ির পথ আটকে দাঁড়ায় একদল দুষ্কৃতী। এরপর পর পর কয়েক রাউন্ড গুলি চালানো হয়। গাড়ি থামার পর বাবা ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলেও অভিযোগ। অতিরিক্ত রক্তক্ষরণের জেরে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাকাশিপাড়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কারা এই হামলার সঙ্গে জড়িত এবং কী কারণে এই হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ঘটনার তীব্র নিন্দা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। সমাজমাধ্যমে তিনি আনিসুর রহমান ও তাঁর পুত্রের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি করেন। তাঁর বক্তব্য, স্বাধীনতা দিবসের দিনে এমন ঘটনা রাজ্যে মানুষের নিরাপত্তা এবং স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।
অধীর চৌধুরী দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার বার্তাও দিয়েছে কংগ্রেস।
১৬ অগস্ট ‘কালা দিবস’ পালনের ডাক
ঘটনার প্রতিবাদে ১৬ অগস্ট সারা রাজ্যে ‘কালা দিবস’ পালনের ঘোষণা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর অভিযোগ, রাজ্যে সংখ্যালঘু ও বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা চলছে এবং এই ধরনের ঘটনার বিরুদ্ধে কংগ্রেসের আন্দোলন অব্যাহত থাকবে।
স্থানীয় কংগ্রেস কর্মীদের একাংশের অভিযোগ, জেলবন্দি তৃণমূল নেতা জুব্বার শেখের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে। স্থানীয় কংগ্রেস নেতা টিপু সুলতান দাবি করেছেন, এলাকা দখলের উদ্দেশ্যে জেল থেকেই হামলার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এই অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত হয়নি। পুলিশের তরফে তদন্ত চলছে বলে জানানো হয়েছে। কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) সুরজিৎ কুমার দে জানিয়েছেন, ঘটনা সদ্য ঘটেছে এবং তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।
ঘটনায় কারা জড়িত, হামলার নেপথ্যে কী কারণ এবং পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছিল কি না—সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.