কলকাতার রাস্তায় পথ দুর্ঘটনার শিকার হলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। টালিগঞ্জের করুণাময়ী ব্রিজ থেকে হরিদেবপুরের দিকে নামার সময় তাঁর গাড়িতে একটি দ্রুতগতির লরি সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ। ঘটনায় অভিনেতা এবং গাড়ির চালক অক্ষত থাকলেও গাড়ির ডানদিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার পর সমাজমাধ্যমে একটি পোস্ট করে ঘটনার বিবরণ দেন জয়জিৎ। তাঁর দাবি, গাড়ির চালক সমস্ত নিয়ম মেনেই গাড়ি চালাচ্ছিলেন। অভিনেতার কথায়, “আমার গাড়ির সারথি সঠিক ভাবেই গাড়ি চালাচ্ছিলেন। গাড়ির ডানদিকটা ক্ষতিগ্রস্ত হল লরির ধাক্কায়।” একই সঙ্গে লরিচালকের শারীরিক অবস্থাও প্রশ্নের মুখে তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, লরিচালক স্বাভাবিক অবস্থায় ছিলেন না বলেই ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন।
পোস্টে জয়জিৎ আরও জানান, তিনি সামনের আসনে বসে থাকায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে। তাঁর মতে, পেছনের আসনে বসে থাকলে গুরুতর চোট লাগার আশঙ্কা ছিল। পাশাপাশি ওই লরির বেপরোয়া চালানো ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা।
ঘটনার পর হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। তবে পুলিশের ভূমিকা নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করে তিনি জানান, থানায় অভিযোগ জানানোর পর ‘MCR’ করে লরিটিকে ছেড়ে দেওয়া হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে লরিটিকে শনাক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশা করেছিলেন, কিন্তু সেই ধরনের তৎপরতা চোখে পড়েনি বলেই দাবি তাঁর।
যদিও পুলিশের প্রতি আস্থা হারাননি অভিনেতা। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “Kolkata Police-এর ওপর আমার ভরসা অটুট। দেখা যাক তারা কী করে।” পোস্টে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও ট্যাগ করেছেন। এদিকে অভিনেতার এই পোস্ট প্রকাশ্যে আসার পর তাঁর অনুরাগী ও শুভানুধ্যায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত ঘটনার তদন্তের দাবি তুলেছেন।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.