গোবিন্দের পাশে পুনম, বিতর্কের মাঝেই বিচ্ছেদ-মামলা প্রত্যাহার সুনীতার

গোবিন্দ ও সুনীতা আহুজার দাম্পত্য সম্পর্ক নিয়ে জল্পনা কিছুতেই থামছে না। পরকীয়ার অভিযোগ থেকে শুরু করে বিবাহবিচ্ছেদের মামলা— গত কয়েক মাসে বার বার সংবাদ শিরোনামে এসেছে বলিউডের এই তারকা দম্পতির সম্পর্ক। এরই মধ্যে বিতর্কের মাঝে গোবিন্দের পাশে দাঁড়ালেন অভিনেত্রী পুনম পাণ্ডে। অন্য দিকে, সুনীতা আহুজা পুরনো বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন গোবিন্দের আপ্তসহায়ক শশী সিন্‌হা।

গোবিন্দের সঙ্গে ‘আ গয়া হিরো’ ছবিতে কাজ করেছিলেন পুনম। বুধবার রাতে একটি অনুষ্ঠানে তাঁকে সুনীতার সাম্প্রতিক মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়। গোবিন্দের সঙ্গে এক তরুণী অভিনেত্রীর ঘনিষ্ঠতা নিয়ে সুনীতার অভিযোগের প্রসঙ্গ উঠতেই পুনম বলেন, “গালাগালি কোরো না। এত ভাল স্বামী পেয়েছ, গোবিন্দকে পেয়েছ।”

এর পর তাঁকে জিজ্ঞাসা করা হয়, এই বিতর্কে তিনি কাকে সমর্থন করবেন। উত্তরে পুনম স্পষ্ট জানান, তিনি “১০০ শতাংশ” গোবিন্দকে সমর্থন করবেন। সুনীতার অভিযোগের প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, যিনি গালাগালি করছেন, তাঁকে তিনি সমর্থন করবেন না।

স্ত্রী সুনীতা সঙ্গে গোবিন্দ
স্ত্রী সুনীতা সঙ্গে গোবিন্দ

গোবিন্দকে অন্য এক মহিলার সঙ্গে ঘুরতে দেখা গিয়েছে— পুনমের সামনে এই প্রসঙ্গও তোলা হয়। জবাবে অভিনেত্রী বলেন, “পিছনে তো ঘুরছিলেন না। বিমানবন্দরে ছিলেন।” এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন কোমল রানি স্বর্ণকর নামে এক তরুণী অভিনেত্রী। গোবিন্দের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে বলে অভিযোগ তুলেছিলেন সুনীতা। তবে সেই অভিযোগের সমর্থনে কোনও নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশ্যে আসেনি। গোবিন্দও বিষয়টি নিয়ে সরাসরি কোনও স্বীকারোক্তি করেননি।

এদিকে বুধবার মুম্বইয়ের বান্দ্রার একটি পারিবারিক আদালত থেকে ছেলে যশবর্ধন আহুজার সঙ্গে বেরোতে দেখা যায় সুনীতাকে। আদালতের বাইরে তাঁর ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নতুন করে জল্পনা শুরু হয়— তবে কি এ বার সত্যিই বিচ্ছেদের পথে হাঁটছেন গোবিন্দা-সুনীতা?

Poonam Pandey
Poonam Pandey

পরে অবশ্য সেই জল্পনায় ইতি টানেন গোবিন্দের আপ্তসহায়ক শশী সিন্‌হা। তাঁর দাবি, সুনীতা নতুন করে বিবাহবিচ্ছেদের মামলা করতে আদালতে যাননি। ২০২৪ সালের ডিসেম্বরেই তিনি বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন এবং বুধবার আদালতে গিয়ে সেই মামলাই প্রত্যাহার করেছেন সুনীতা। সুনীতার মামলা প্রত্যাহারে স্বস্তি প্রকাশ করেছেন শশী। একই সঙ্গে তাঁর আক্ষেপ, দাম্পত্যের সমস্যা নিয়ে প্রায় দেড় থেকে দু’বছর ধরে প্রকাশ্যে আলোচনা চলছে। তাঁর মতে, অনেক বিষয়ই পরিবারের মধ্যে বসে মিটিয়ে নেওয়া সম্ভব ছিল।

১৯৮৭ সালের মার্চে বিয়ে করেন গোবিন্দ ও সুনীতা। ১৯৮৮ সালে তাঁদের মেয়ে টিনার জন্ম। ১৯৯৭ সালে তাঁদের ছেলে যশবর্ধন আহুজার জন্ম হয়। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০২৪ সালে সুনীতা বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন বলে খবর প্রকাশ্যে আসে। সেই আবেদনে পরকীয়া, মানসিক নির্যাতন এবং পরিত্যাগের মতো অভিযোগের কথাও উঠে এসেছিল বলে দাবি করা হয়।

তবে এত বিতর্কের পরেও গোবিন্দ নিজে বিষয়টি নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কোনও মন্তব্য করেননি। এখন সুনীতার মামলা প্রত্যাহারের খবরের পর তাঁদের দাম্পত্য সম্পর্ক কোন দিকে এগোয়, সে দিকেই নজর বলিউডের।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক