কাটছাঁট ছাড়াই সেন্সর ছাড়পত্র ‘টক্সিক’-এর, ‘চুমু খেলেই আপত্তি?’ প্রশ্ন নেটিজেনদের

আগামী ২৬ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে যশ অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’। মুক্তির আগেই ছবিটি ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক। ট্রেলার প্রকাশের পর ছবিতে সাহসী দৃশ্য এবং অতিরিক্ত হিংস্রতার অভিযোগ উঠেছিল। তবে সেই ছবি নিয়েই এবার সামনে এল চমকপ্রদ তথ্য। কোনও বড় ধরনের কাটছাঁট ছাড়াই সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর ছাড়পত্র পেয়েছে ‘টক্সিক’।

সিবিএফসি-র সার্টিফিকেট অনুযায়ী, কন্নড় ও ইংরেজি ভাষায় তৈরি ছবিটির দৈর্ঘ্য ৩ ঘণ্টা ১২ মিনিট। ছবিতে শুধুমাত্র কন্নড় সংস্করণে দুটি শব্দ ও একটি বাক্যাংশ মিউট করার নির্দেশ দেওয়া হয়েছে। ইংরেজি সাবটাইটেলেও একই ধরনের পরিবর্তন করতে বলা হয়েছে। পাশাপাশি ছবিতে বিধিবদ্ধ ধূমপান ও মদ্যপান-বিরোধী সতর্কবার্তা যোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর বাইরে ছবিতে কোনও কাটছাঁটের নির্দেশ দেওয়া হয়নি।

আর এই সিদ্ধান্ত ঘিরেই প্রশ্ন উঠেছে সেন্সর বোর্ডের ভূমিকা নিয়ে। নেটিজেনদের একাংশের দাবি, ‘টক্সিক’-এ হিংস্রতা ও সাহসী দৃশ্য নিয়ে যেখানে এত আলোচনা হয়েছে, সেখানে কীভাবে ছবিটি প্রায় সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছাড়পত্র পেল? বিশেষ করে অন্য কিছু ছবিতে তুলনামূলকভাবে কম বিতর্কিত দৃশ্যেও কাটছাঁটের অভিযোগ ওঠায় এই প্রশ্ন আরও জোরালো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা মন্তব্য। এক নেটিজেন ব্যঙ্গ করে লেখেন, মেয়েদের পণ্য হিসেবে দেখানো হলে নাকি সেন্সর বোর্ড অন্ধ হয়ে যায়। অন্য এক জনের প্রশ্ন, ‘স্পাইডার-ম্যানে চুমু খেলেই যত সমস্যা?’ আরও এক নেটিজেনের দাবি, এর আগে ‘সুপারম্যান’-এর মতো ছবিতেও চুম্বনের দৃশ্য নিয়ে আপত্তি তোলা হয়েছিল। তাহলে ‘টক্সিক’-এর ক্ষেত্রে একই ধরনের নিয়ম প্রযোজ্য হল না কেন—সেই প্রশ্নও উঠছে।

এর আগে ‘টক্সিক’ নিয়ে মুখ খুলেছিলেন ছবির প্রধান অভিনেতা ও সহ-লেখক যশ। ‘আপ কি আদালত’-এ ছবির বিষয়বস্তু প্রসঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন, এই ছবি শিশুদের জন্য নয়। তাঁর কথায়, এটি প্রাপ্তবয়স্ক দর্শকদের কথা মাথায় রেখেই তৈরি এবং ছবির বিষয়বস্তু যথেষ্ট বাস্তবসম্মত ও গভীর।

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’-এ যশের পাশাপাশি অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত এবং তারা সুতারিয়া। আগামী ২৬ অগস্ট বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি। মুক্তির আগেই সেন্সর সার্টিফিকেট ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক শেষ পর্যন্ত দর্শকদের আগ্রহ আরও বাড়ায় কি না, এখন সেটাই দেখার।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক