মাদক সরবরাহের অভিযোগে মুম্বই থেকে গ্রেফতার করা হল অভিনেতা ও মডেল রুহুল্লাহ মেহদীকে। শাহিদ কপূর অভিনীত ‘দেবা’ ছবিতে সহ-অভিনেতার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। মুম্বইয়ের মীরা রোডের কাশিমীরা এলাকায় মাদকচক্রের তদন্তে নেমে তাঁকে গ্রেফতার করেছে কাশিমীরা থানার অপরাধদমন শাখা।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মোট দু’জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে ২৮ গ্রাম এমডি মাদক উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ ৬০ হাজার টাকা। দায়ের হওয়া এফআইআর-এ মূল অভিযুক্ত হিসেবে রুহুল্লাহ মেহদীর নাম রয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশের দাবি, স্ন্যাপচ্যাট, হোয়াট্সঅ্যাপ-সহ বিভিন্ন সমাজমাধ্যম প্ল্যাটফর্মের মাধ্যমে এমডি মাদক বিক্রির খবর তাদের কাছে আসে। সেই তথ্যের ভিত্তিতে এক জন পুলিশকর্মীকে ভুয়ো ক্রেতা সাজিয়ে মাদকচক্রের সদস্যদের ধরার জন্য ফাঁদ পাতা হয়।
পুলিশ জানিয়েছে, কাসিফ নামে এক ব্যক্তিকে দহিসর এলাকার ঠাকুর মলের কাছে ২৮ গ্রাম এমডি পৌঁছে দেওয়ার কথা ছিল। নির্দিষ্ট সময়ে মাদক লেনদেনের সময় পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদে সে রুহুল্লাহ মেহদীর নাম জানায় বলে দাবি তদন্তকারীদের।
এর পর ওই তথ্যের ভিত্তিতে মালাডের একটি স্টুডিয়োর বাইরে অভিযান চালিয়ে মেহদীকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, গ্রেফতারের সময় তিনি ওই স্টুডিয়োয় শুটিং করছিলেন। মেহদী মূলত জম্মু ও কাশ্মীরের বাসিন্দা হলেও বর্তমানে মুম্বইয়ের গোরেগাঁও এলাকায় থাকেন বলে জানিয়েছে পুলিশ।
‘দেবা’ ছাড়াও একাধিক ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন মেহদী। তবে মাদকচক্রের সঙ্গে তাঁর ঠিক কী ধরনের যোগাযোগ ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। গ্রেফতারের পর তাঁকে আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
তদন্তকারীরা এখন জানতে চাইছেন, মেহদী আর কাদের কাছে মাদক সরবরাহ করতেন এবং এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত। একই সঙ্গে মাদক সরবরাহের ঘটনায় চলচ্চিত্রজগতের আরও কেউ যুক্ত কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এগোলে এই চক্র সম্পর্কে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে পুলিশ।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.