একসময় ছোটপর্দায় নিয়মিত দেখা যেত অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্যকে। অভিনয়ের পাশাপাশি বর্তমানে ভ্লগিং, ইনফ্লুয়েন্সিং এবং ব্যবসার সঙ্গেও যুক্ত তিনি। তবে গত কয়েক মাস ধরে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চা। দীর্ঘদিনের বন্ধু শুভজিৎ কুণ্ডুর সঙ্গে প্রেরণার সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই একাধিকবার গুঞ্জন ছড়িয়েছে। যদিও এতদিন তাঁরা নিজেদের সম্পর্ককে বন্ধুত্বের বলেই দাবি করেছেন। এবার প্রেরণার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট সেই জল্পনাতেই নতুন মাত্রা যোগ করল।
রবিবার ফেসবুকে শুভজিতের সঙ্গে দুটি ছবি পোস্ট করেন প্রেরণা। একটি ছবিতে তাঁদের দেখা যাচ্ছে স্কুলজীবনে। স্কুলের পোশাকে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন দু’জন। অন্য ছবিতে পাহাড়ের কোলে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। ছবির সঙ্গে প্রেরণার ক্যাপশন, ‘২৩ বছর…. এখনও আমারই। এখনও আমার পাগলামোর সঙ্গী।’ এই ক্যাপশন প্রকাশ্যে আসতেই অনুরাগীদের একাংশের প্রশ্ন, এতদিনের বন্ধুত্ব কি এবার প্রেমের সম্পর্কে বদলেছে?
শুভজিৎ ও প্রেরণার বন্ধুত্ব অবশ্য নতুন নয়। দীর্ঘ ২৩ বছরের পরিচয় তাঁদের। চলতি বছর একটি বিয়েবাড়িতে তাঁদের একসঙ্গে ছবি প্রকাশ্যে আসার পর থেকেই সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছিল। সেই সময় প্রেরণা জানিয়েছিলেন, শুভজিৎ তাঁর খুব ভাল বন্ধু। তাঁর জীবনের ভাল-মন্দ সব সময়েই শুভজিৎ পাশে থাকেন। ভবিষ্যতে সেই বন্ধুত্ব অন্য কোনও সম্পর্কে গড়াবে কি না, সে বিষয়ে তখন কোনও মন্তব্য করতে চাননি অভিনেত্রী।

এর আগে প্রেরণা বলেছিলেন, তাঁদের সম্পর্ক অনেকটা পরিবারের মতো। আনন্দ, দুঃখ, রাগ কিংবা মজা—সবকিছুই তাঁরা একসঙ্গে ভাগ করে নেন। সেই সময় প্রেম বা বিয়ে নিয়ে তাঁর কোনও পরিকল্পনা নেই বলেও জানিয়েছিলেন তিনি। কিন্তু এবার ২৩ বছরের বন্ধুত্বের স্মৃতি তুলে ধরে যে ভাবে শুভজিতকে নিয়ে পোস্ট করলেন প্রেরণা, তাতে অনুরাগীদের মনে নতুন করে প্রশ্ন উঠেছে।
ব্যক্তিগত জীবনে এর আগে অভিনেতা ইন্দ্রনীল মল্লিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রেরণা। ২০১৬ সালে তাঁদের বিয়ে হয়। যদিও সেই দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি। পরে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। ইন্দ্রনীল ইতিমধ্যেই দ্বিতীয় বিয়ে করেছেন। অন্যদিকে, বিচ্ছেদের পর অভিনয়, ভ্লগিং এবং নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত ছিলেন প্রেরণা।
ছোটপর্দায় শেষবার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে। বর্তমানে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। নিজের ভ্লগের পাশাপাশি ব্যবসাতেও মন দিয়েছেন। একটি নেল পার্লারও রয়েছে তাঁর।
প্রেরণার মা-ও অভিনয় জগতের পরিচিত মুখ। বর্তমানে তিনি অসুস্থ এবং ক্যানসারের চিকিৎসা চলছে। এর মধ্যেই প্রেরণার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। শুভজিতের সঙ্গে ২৩ বছরের সম্পর্ক কি সত্যিই এবার বন্ধুত্বের গণ্ডি পেরোল? নাকি এখনও আগের মতোই তাঁরা একে অপরের ‘পাগলামোর সঙ্গী’? উত্তর অবশ্য সময়ই দেবে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.