দুর্ঘটনার কবলে অজিত কুমার, রেসিং কারের সঙ্গে ধাক্কা! কেমন আছেন অভিনেতা?

দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা অজিত কুমার অভিনয়ের পাশাপাশি মোটর রেসিংয়ের প্রতিও দীর্ঘদিন ধরে অনুরাগী। সেই রেসিংয়েই ফের দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেতা। ইউরোপে আয়োজিত একটি উচ্চগতির এন্ডিওরেন্স রেসিং প্রতিযোগিতায় তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। তবে বড়সড় বিপদ ঘটলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন অজিত। জানা গিয়েছে, দুর্ঘটনায় গুরুতর কোনও আঘাত পাননি তিনি এবং বর্তমানে সুস্থ রয়েছেন।

অজিত কুমারের রেসিংয়ের প্রতি ভালোবাসার কথা তাঁর অনুরাগীদের অজানা নয়। আন্তর্জাতিক মোটর রেসার হিসেবেও তিনি ইতিমধ্যেই পরিচিতি তৈরি করেছেন। বিভিন্ন এন্ডিওরেন্স চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন তিনি। এশিয়ান লে ম্যান্স সিরিজ এবং মিশেলিন লে ম্যান্স কাপের মতো প্রতিযোগিতাতেও দেখা গিয়েছে তাঁকে।

সম্প্রতি ইউরোপের একটি হাই-স্পিড এন্ডিওরেন্স রেসে অংশ নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। রেস চলাকালীন আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অজিতের গাড়ি এবং অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। তবে গাড়ির ক্ষতি হলেও অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয়নি।

অবশ্য রেসিং করতে গিয়ে এই প্রথম দুর্ঘটনার মুখে পড়লেন না অজিত। ২০২৫ সালে ইতালিতে GT4 ইউরোপিয়ান সিরিজের সময়ও তাঁর রেসিং কার দুর্ঘটনার কবলে পড়েছিল। একই বছরের শুরুতে স্পেনের ভ্যালেন্সিয়ায় পোর্শে স্প্রিন্ট চ্যালেঞ্জে একটি ডাবল রোলওভার দুর্ঘটনার মুখেও পড়েছিলেন অভিনেতা। তার আগে ২৪ ঘণ্টার দুবাই এন্ডিওরেন্স রেসের অনুশীলনের সময় তাঁর পোর্শে গাড়ি দুর্ঘটনার শিকার হয়।

বারবার দুর্ঘটনার মুখে পড়লেও এখনও পর্যন্ত বড় কোনও চোট পাননি অজিত। রেসিং নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতাই এমন পরিস্থিতিতে তাঁকে দ্রুত সামলে উঠতে সাহায্য করে বলে মনে করা হয়। এবারের দুর্ঘটনার পরও তাঁর শারীরিক অবস্থা নিয়ে আপাতত উদ্বেগের কোনও কারণ নেই।

দুর্ঘটনার পর নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন অভিনেতা। ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’-কে অজিত জানান, গাড়ি দুর্ঘটনার পর তাঁর প্রথম চিন্তা থাকে তিনি নিজে কোনও আঘাত পেয়েছেন কি না। এরপর তিনি গাড়ির অবস্থা বোঝার চেষ্টা করেন এবং সেটি ফের চালানো সম্ভব কি না, তা দেখেন। নিজের এবং গাড়ির নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই পরিস্থিতির বাকি অংশ সামলানোর দিকে মন দেন তিনি।

অজিতের কথায় স্পষ্ট, রেসিং তাঁর কাছে শুধু শখ নয়, বরং গভীর আবেগের জায়গা। তবে একের পর এক দুর্ঘটনার পরও বড় চোট ছাড়াই সুস্থ থাকায় স্বস্তিতে তাঁর অনুরাগীরা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক