বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’ গোবিন্দা এবার ভুয়ো খবর এবং ডিপফেক ভিডিয়োর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের পথে হাঁটলেন। অভিনেতার ব্যক্তিগত জীবন, পরিবার এবং বৈবাহিক সম্পর্ক নিয়ে একের পর এক গুঞ্জন ছড়ানোর পাশাপাশি তাঁর নামে তৈরি হচ্ছে বিকৃত ছবি ও ভিডিয়ো। এই ধরনের কনটেন্ট তৈরি বা প্রচারকারীদের বিরুদ্ধে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সম্প্রতি গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা শুরু হয়। রাখি সাওয়ান্তের সঙ্গে সুনীতার একটি কথোপকথন প্রকাশ্যে আসার পর সেই জল্পনা আরও বাড়ে। এমনকী দাবি করা হয়, অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে নাকি দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন গোবিন্দা। সেই কারণেই সুনীতা নাকি ডিভোর্সের মামলা প্রত্যাহার করেছেন বলেও প্রচার করা হয়।
যদিও গোবিন্দার ম্যানেজার শশী সিনহা এই সমস্ত দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন। তাঁর বক্তব্য, গোবিন্দার দ্বিতীয় বিয়ের খবর সত্যি নয় এবং সুনীতাই অভিনেতার একমাত্র স্ত্রী।
এর মধ্যেই ইউটিউব ও অন্যান্য সমাজমাধ্যমে গোবিন্দাকে ঘিরে নানা ভুয়ো খবর এবং ডিপফেক ভিডিয়ো ছড়িয়ে পড়তে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে এবার আইনি নোটিস জারি করেছেন অভিনেতা।
নোটিসে বলা হয়েছে, গোবিন্দার অনুমতি ছাড়া তাঁর নাম, ছবি, কণ্ঠস্বর কিংবা পরিবারের ব্যক্তিগত বিষয় বিকৃত করে ডিজিটাল মাধ্যমে প্রচার করা যাবে না। বিশেষ করে এআই ব্যবহার করে তৈরি ডিপফেক ভিডিয়ো, ভুয়ো অডিয়ো রেকর্ডিং বা বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি ও ছড়ানোর ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং তথ্যপ্রযুক্তি আইন (IT Act)-এর আওতায় দেওয়ানি ও ফৌজদারি মামলা করা হতে পারে।
শুধু মামলা নয়, মানহানির অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের কাছ থেকে ১০০ কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করা হতে পারে বলেও আইনি বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। প্রয়োজনে অভিযুক্তদের ব্যাংক অ্যাকাউন্ট, সম্পত্তি লেনদেন এবং পাসপোর্টের উপর স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানানো হয়েছে।
অর্থাৎ, গোবিন্দার নাম ব্যবহার করে ভুয়ো বা বিকৃত কনটেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ভিউ এবং জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করলে এবার তার ফল যথেষ্ট গুরুতর হতে পারে। ডিপফেক এবং মিথ্যা প্রচারের বিরুদ্ধে অভিনেতার এই আইনি পদক্ষেপ নেটমাধ্যমে কনটেন্ট নির্মাতাদের জন্য কার্যত কড়া সতর্কবার্তা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.