সন্তানের অপেক্ষায় সমান্থা! ওজন বেড়েছে ১১ কেজি, আর কী জানালেন অভিনেত্রী?

মাতৃত্বের নতুন অধ্যায় নিয়ে আপাতত বেশ উচ্ছ্বসিত তেলুগু অভিনেত্রী সমান্থা রুথ প্রভু। প্রথম সন্তানের অপেক্ষায় থাকা অভিনেত্রী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে নিজের অন্তঃসত্ত্বা অবস্থার নানা অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। শুধু নিজের কথাই নয়, অনুরাগীদের মাতৃত্বের অভিজ্ঞতাও মন দিয়ে শুনেছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ পর্বের আয়োজন করেছিলেন সমান্থা। সেখানে এক অনুরাগী জানান, তাঁর ওজন বেড়ে যাচ্ছে। সেই প্রসঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে অভিনেত্রী জানান, তিনিও একই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন। সমান্থার কথায়, ইতিমধ্যেই তাঁর প্রায় ১১ কেজি ওজন বেড়ে গিয়েছে।

অন্তঃসত্ত্বা অবস্থায় মেজাজ ও মানসিক পরিবর্তন নিয়েও এক অনুরাগী নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন। তিনি জানান, অনেক সময় কথা বলতে শুরু করলেও শেষ পর্যন্ত নিজেই বুঝতে পারেন না, আসলে কী বলতে চাইছেন। সেই অভিজ্ঞতার সঙ্গে নিজেকে মিলিয়ে নিয়েছেন সমান্থাও। অভিনেত্রী জানান, তিনিও এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে সন্তানের আগমনের জন্য আর অপেক্ষা করতে পারছেন না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

অন্য এক নতুন মা তাঁর দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা জানিয়ে লেখেন, সারাদিন সন্তানকে খাওয়ানো, ঢেঁকুর তোলানো, কোলে নিয়ে দোলানো—এই একই কাজ বার বার করে যেতে হয়। সেই মন্তব্যের জবাবে সমান্থা মজা করে লেখেন, “শুনেই মনে হচ্ছে, এটা আসলে ২৪ ঘণ্টার চাকরি!” মাতৃত্বের অনুভূতি নিয়ে নিজের মনের কথাও জানিয়েছেন অভিনেত্রী। সমান্থার কথায়, এই পুরো বিষয়টির জন্য নিজেকে এতটা ক্ষমতাশালী মনে হবে, তা তিনি আগে ভাবেননি। বরং তাঁর ধারণা ছিল, এই সময়ের বেশির ভাগটাই হয়তো প্রবল চাপের মধ্যে কাটবে। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি।

এক অনুরাগী সরাসরি জানতে চান, তিনি কি এই সময়টা উপভোগ করছেন? উত্তরে সমান্থা স্পষ্ট জানান, “মন থেকে পুরোপুরি উপভোগ করছি।” তাঁর এই মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে, জীবনের এই বিশেষ সময়টি বেশ ইতিবাচক ভাবেই উপভোগ করছেন অভিনেত্রী। সমান্থা ও তাঁর স্বামী রাজ নিদিমুরু তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। আপাতত মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বহু দিন ধরেই মা হওয়ার ইচ্ছা ছিল তাঁর। এবার সেই স্বপ্ন পূরণের অপেক্ষাতেই দিন গুনছেন তিনি।

অন্তঃসত্ত্বা অবস্থাতেও নিজের শরীর ও ফিটনেসের প্রতি নজর রাখছেন সমান্থা। নিয়মিত জিমে গিয়ে শারীরচর্চা করছেন তিনি। সম্প্রতি নিজের ওয়ার্কআউটের ছবি ও ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। তবে এই সময়ে আগের মতো শরীরের উপর অতিরিক্ত চাপ না দিয়ে শরীরের কথা আরও মন দিয়ে শোনার উপর জোর দিচ্ছেন তিনি।

সব মিলিয়ে, অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়ে জীবনের একেবারে নতুন ভূমিকায় পা রাখার প্রস্তুতি নিচ্ছেন সমান্থা। শরীরে পরিবর্তন, মানসিক ওঠাপড়া কিংবা মাতৃত্বের নতুন অভিজ্ঞতা—সবকিছুকেই ইতিবাচক ভাবে গ্রহণ করছেন অভিনেত্রী।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক