Koel: টলিউডে ফের নতুন সিনেমার হাত ধরে দর্শকদের সামনে আসতে চলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel)। সম্প্রতি নতুন সিনেমা ‘স্পর্ধা’-র শুভ মহরতের ছবি তুলে ধরেছেন অভিনেত্রী। ছবিতে তাকে দেখা যাচ্ছে অফ-হোয়াইট শাড়ি ও সবুজ ব্লাউজে একেবারে সাবেকি বাঙালি সাজে।
হাতে সিনেমার ক্ল্যাপস্টিক, মুখে মিষ্টি হাসি। শুভ মহরতের আবহে কোয়েলের এই সাজ ইতিমধ্যেই নজর কেড়েছে। অন্নপূর্ণা বসুর পরিচালনায় তৈরি হতে চলেছে ‘স্পর্ধা’। যেখানে কোয়েলের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়।
সবচেয়ে বড় চমক, এই সিনেমায় ফের মেয়ের সঙ্গে পর্দা ভাগ করবেন বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক। ফলে দীর্ঘদিন পর বাবা-মেয়ের জুটিকে বড়ো পর্দায় দেখার অপেক্ষায় অনুরাগীরা। সদ্যই সিনেমার শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। সেই অনুষ্ঠানের কিছু মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন কোয়েল।
সাথে লেখেন, ‘আমার পরবর্তী স্পর্ধা-র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। স্বার্থপরের পর আবার! বরাবরের মতো আপনাদের আশীর্বাদ কামনা করছি।’ জানা যাচ্ছে, চলতি সেপ্টেম্বরের শেষ দিকে ‘স্পর্ধা’র শ্যুটিং শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে।
সবকিছু ঠিকঠাক এগোলে শ্যুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করে আগামী বছরের শুরুতেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার লক্ষ্য রয়েছে। উল্লেখ্য, কোয়েলকে এর আগে অন্নপূর্ণা বসুর পরিচালনায় ‘স্বার্থপর’ সিনেমায় রঞ্জিত মল্লিকের সঙ্গে দেখা গিয়েছিল। এবার ‘স্পর্ধা’য় বাবা-মেয়ে ও পরমব্রতর এই নতুন সমীকরণ দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

Sudeshna has been writing entertainment reports since 2021.