বিচ্ছেদের পর কেটে গিয়েছে প্রায় তিন বছর। এর মধ্যেই ফের মা হওয়ার জল্পনায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরিমণি। সোমবার সকালে সোশাল মিডিয়ায় একটি খুদেকে কোলে নিয়ে ছবি পোস্ট করতেই শুরু হয়েছে জোর চর্চা। ছবির সঙ্গে অভিনেত্রীর ক্যাপশন—‘৩ নম্বর জন ডান’। এরপরই নেটদুনিয়ায় প্রশ্ন উঠছে, তবে কি ফের সন্তান দত্তক নিলেন পরিমণি?
যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী। বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কোলে থাকা শিশুটির পরিচয়ও এখনও স্পষ্ট নয়। ফলে পরিমণি সত্যিই তৃতীয় সন্তানের মা হয়েছেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

পরিমণির প্রথম সন্তান রাজ্য। ২০২২ সালে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ থাকার সময় তাঁদের সন্তান জন্ম নেয়। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ২০২৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর একটি কন্যাশিশুকে দত্তক নেন পরিমণি। তার নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। ফলে এতদিন পর্যন্ত দুই সন্তানের মা হিসেবেই পরিচিত ছিলেন অভিনেত্রী।
এবার তাঁর নতুন পোস্ট ঘিরে সেই সংখ্যাই যেন বদলে যাওয়ার ইঙ্গিত মিলেছে। ছবিতে দেখা যাচ্ছে, পরিমণির কোলে একটি ছোট্ট শিশু। সঙ্গে ‘৩ নম্বর জন ডান’—এই ক্যাপশনই যাবতীয় জল্পনার সূত্রপাত করেছে। অনেকেই মনে করছেন, সম্ভবত ফের একটি শিশুকে দত্তক নিয়েছেন অভিনেত্রী। তবে বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

অবশ্য শিশুটি পরিমণির কোনও আত্মীয় কিংবা পরিচিতের সন্তানও হতে পারে। তাই শুধুমাত্র ছবির ক্যাপশন দেখে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়।
পরিমণির ব্যক্তিগত জীবন বরাবরই সংবাদ শিরোনামে থেকেছে। শরিফুল রাজের সঙ্গে তাঁর বিয়ে, দাম্পত্যজীবন এবং বিচ্ছেদ নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওঠা নানা বিতর্কও তাঁকে বারবার সংবাদমাধ্যমের নজরে এনেছে।
আরও পড়ুন,
Iman: উত্তম কুমারের জন্মবার্ষিকী উদযাপনে ইমন চক্রবর্তী, স্মৃতির পাতায় ফিরলেন গায়িকা
এরই মধ্যে অতীতে এক সাক্ষাৎকারে পরিমণি মজা করে জানিয়েছিলেন, তিনি ১০০ সন্তানের মা হতে চান। এবার তাঁর ‘৩ নম্বর জন’ লেখা পোস্ট সেই পুরনো কথাকেই যেন নতুন করে মনে করিয়ে দিয়েছে। সত্যিই কি তৃতীয় সন্তান এল পরিমণির জীবনে, নাকি নিছকই আদরের কোনও খুদেকে নিয়ে ছবি—উত্তর মিলবে অভিনেত্রী নিজে মুখ খুললেই।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.