বিখ্যাত আইফেল টাওয়ার সফরকে কেন্দ্র করে তীব্র বিতর্কে ফ্রান্স। অভিযোগ, একটি হিন্দু ধর্মীয় সংগঠনের প্রায় ১০০ জন সদস্যের সফরের আগে আইফেল টাওয়ারের মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার শর্ত দেওয়া হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রতিবাদে সরব হন কর্মীরা। শেষ পর্যন্ত কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর সোমবার দীর্ঘক্ষণ বন্ধ রাখা হয় পৃথিবীখ্যাত এই স্থাপত্য।
জানা গিয়েছে, বোচাসন্ন্যাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা বা BAPS-এর প্রায় ১০০ সদস্য একটি মন্দিরের উদ্বোধন উপলক্ষে প্যারিসে গিয়েছিলেন। গত শনিবার তাঁদের আইফেল টাওয়ার দর্শনের ব্যবস্থা করা হয়। কিন্তু অভিযোগ, তাঁদের সফরের সময়ে কোনও মহিলা কর্মীকে আইফেল টাওয়ার চত্বরে না রাখার শর্ত জানানো হয়েছিল।
এই অভিযোগ সামনে আসার পর ক্ষোভ ছড়িয়ে পড়ে আইফেল টাওয়ারের কর্মীদের মধ্যে। কর্মীদের বক্তব্য, শুধুমাত্র মহিলা হওয়ার কারণে কয়েকজনকে তাঁদের নির্দিষ্ট দায়িত্ব ও এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কোথাও তাঁদের অন্যত্র দায়িত্ব দেওয়া হয়, আবার কোথাও মহিলা কর্মীদের জায়গায় পুরুষ কর্মীদের দায়িত্ব দেওয়া হয়। এমনকী ওই দলের সফরের সময়ে মহিলা কর্মীদের আশপাশে না যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
গোটা ঘটনার সত্যতা কার্যত স্বীকার করেছে আইফেল টাওয়ার পরিচালন সংস্থা SETE। সংস্থার দাবি, এই ধরনের শর্ত তাদের মূল্যবোধ এবং নারী-পুরুষের সমানাধিকারের নীতির পরিপন্থী। তা সত্ত্বেও BAPS-এর সফরের সময় সেই শর্ত মেনে নেওয়া হয়েছিল।
সোমবার বিষয়টি প্রকাশ্যে আসার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিবাদে আইফেল টাওয়ারের কর্মীরা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন। তাঁদের দাবি ছিল, ভবিষ্যতে শুধুমাত্র লিঙ্গের কারণে কোনও মহিলা কর্মীর সঙ্গে যেন এমন আচরণ না করা হয়, তা নিশ্চিত করতে হবে। কর্মীদের কাছে পরে ক্ষমা চায় কর্তৃপক্ষ। এই ঘটনাকে কেন্দ্র করেই সোমবার দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকে আইফেল টাওয়ার।
বিতর্ক বাড়তে থাকায় BAPS-এর তরফ থেকেও ক্ষমা চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন প্যারিসের মেয়র ইমানুয়েল গ্রেগরি। ঘটনায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ফ্রান্সের মন্ত্রী অরোরে বার্জের বক্তব্য, ফ্রান্সে মহিলাদের ‘মুছে ফেলা’ যায় না। একইভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থী মারিন লে পেনও স্পষ্ট করে দিয়েছেন, মহিলাদের এভাবে সরিয়ে দেওয়ার বিষয়টি ফ্রান্স মেনে নেবে না।
আরও পড়ুন,
দিল্লিতে মণিপুরি গায়ককে পিটিয়ে খুন, ‘নিরাপত্তা কোথায়?’ প্রশ্ন রাহুলের
একটি ধর্মীয় সংগঠনের সফরকে ঘিরে আইফেল টাওয়ারের মহিলা কর্মীদের সঙ্গে এমন আচরণের অভিযোগ সামনে আসায় এখন প্যারিসে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। নারী-পুরুষের সমানাধিকার এবং কর্মক্ষেত্রে বৈষম্য—দুই বিষয়ই নতুন করে উঠে এসেছে আলোচনার কেন্দ্রে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.