ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে হেনস্তার শিকার বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘জুলাই জঙ্গি’ বলে স্লোগান তুলে একদল যুবক তাঁর দিকে চড়াও হয় বলে অভিযোগ। অভিনেত্রীর গায়ে জল ও ডিম ছোড়ারও অভিযোগ উঠেছে। ইতালিতে বসেই ফেসবুক লাইভে নিজের এই তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন বাঁধন। এবার ঘটনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার কথা স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। ভেনিস থেকেই বাঁধনের হুঙ্কার, মামলা না করে বাংলাদেশে ফিরবেন না তিনি। অভিনেত্রীর কথায়, “মামলা না করে বাংলাদেশে ফিরছি না। এর শেষ দেখে ছাড়ব আমি।” তাঁর অভিযোগের নিশানায় রয়েছে নিষিদ্ধ আওয়ামি লিগ।
ঘটনার পর নতুন করে ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থার কথাও জানান অভিনেত্রী। তিনি বলেন, আপাতত সুস্থ রয়েছেন। তাঁর কথায়, তিনি কোনওদিন মাথা নত করেননি এবং তাঁকে এত সহজে দমিয়ে দেওয়া সম্ভব নয়। বাঁধনের দাবি, ভেনিসের ঘটনার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ তাঁর কাছে রয়েছে। হামলায় জড়িত অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যেই শনাক্ত করা সম্ভব হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ঘটনার পর স্থানীয় পুলিশের কাছ থেকেও সহযোগিতা পেয়েছেন বলে দাবি অভিনেত্রীর।
জানা গিয়েছে, বাংলাদেশের দূতাবাসের তরফে ইতিমধ্যেই বাঁধনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রদূতও ব্যক্তিগতভাবে ফোন করে তাঁর খোঁজ নিয়েছেন। দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। এই ঘটনার পর বাংলাদেশের নেটমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অভিনেত্রীর উপর হামলার অভিযোগ নিয়ে বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় উঠেছে। বাঁধন জানিয়েছেন, ঘটনার পর থেকেই অসংখ্য মানুষ তাঁকে ফোন ও মেসেজ করে পাশে থাকার বার্তা দিয়েছেন। দূরে থেকেও শুভাকাঙ্ক্ষীদের এই সমর্থন তাঁকে আরও সাহস জুগিয়েছে।
আজমেরী হক বাঁধন বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক আন্দোলনেও সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। ২০২৪ সালের হাসিনা-বিরোধী ছাত্র আন্দোলনের সময় তাঁকে রাজপথে দেখা গিয়েছিল। দেশের সংস্কারের দাবিতে সরব হয়েছিলেন অভিনেত্রী। আন্দোলনের সময় জলকামানের মুখেও প্রতিবাদ করতে দেখা যায় তাঁকে।
অগ্নিগর্ভ পরিস্থিতিতে ঢাকার রাস্তায় হাতে অস্ত্র নিয়েও পাহারায় থাকার ছবি সামনে এসেছিল তাঁর। সেই সময় থেকেই নিজের অবস্থান নিয়ে প্রকাশ্যে কথা বলে এসেছেন বাঁধন। এবার বিদেশের মাটিতে হেনস্তার ঘটনার পরও যে তিনি পিছিয়ে আসছেন না, তা তাঁর সাম্প্রতিক বক্তব্যেই স্পষ্ট।
আরও পড়ুন,
‘মুসলিমদের থেকে হিন্দুরাই বেশি বিফ খায়!’—বিশ্বজিৎ চক্রবর্তীর পাশে দাঁড়িয়ে বিতর্কে ‘ঝিলিক’ তিথি
অভিনেত্রীর সাফ কথা, এই ঘটনা তাঁকে দুর্বল করে দিতে পারবে না। আইনি পথে ঘটনার শেষ পর্যন্ত যেতে বদ্ধপরিকর তিনি। মামলা দায়েরের পর এই ঘটনায় কী পদক্ষেপ হয়, এখন সেদিকেই নজর।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.