বিগ বস বাংলার ঘরে রাজবীর দে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নেওয়ার পর থেকেই নন্দিনী দত্তের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে দর্শকদের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা। দু’জনের মিষ্টি খুনসুটি, একসঙ্গে সময় কাটানো এবং একে অপরের সঙ্গে ঘনিষ্ঠতা ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের। তাঁদের এই রসায়ন দেখেই নেটপাড়ায় জুটির নাম দেওয়া হয়েছে ‘রাজনন্দিনী’।
এই আবহেই নন্দিনীর মা পূজা দে-র একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। একটি ভিডিয়োতে নিজের হাতের বিশাল একটি ট্যাটু দেখিয়েছেন তিনি। সেই ট্যাটুতে লেখা রয়েছে ‘রাজনন্দিনী’। তবে এই ট্যাটু যে বিগ বসের ঘরের নন্দিনী-রাজবীরের জুটিকে কেন্দ্র করে করা, এমনটা কিন্তু নয়।
ভিডিয়োতে পূজা দে জানান, ‘রাজনন্দিনী’ আসলে তাঁর মেয়ের নামের সঙ্গে যুক্ত একটি পুরনো ট্যাটু। তাঁর কথায়, দর্শকরা যখন ‘রাজনন্দিনী’ বলে ডাকেন, মা হিসেবে তা শুনতে তাঁর ভালোই লাগে। নিজের ট্যাটু দেখিয়ে তিনি জানান, প্রায় দশ বছর আগেই মেয়ের নাম দিয়ে তাঁর প্রথম ট্যাটু করা হয়েছিল। অর্থাৎ, বিগ বসের ঘরে রাজবীর-নন্দিনীর জুটি তৈরি হওয়ার বহু আগেই তাঁর হাতে ছিল এই ‘রাজনন্দিনী’ ট্যাটু।
ফলে নন্দিনীর মা রাজবীরকে জামাই হিসেবে মেনে নিয়েছেন কি না, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা তৈরি হলেও, তাঁর ভিডিয়ো থেকে এমন কোনও সরাসরি ইঙ্গিত মেলেনি। বরং ‘রাজনন্দিনী’ নামের সঙ্গে পুরনো ট্যাটুর মিলকে ঘিরেই তাঁর আনন্দ প্রকাশ পেয়েছে।
এদিকে একদিকে যখন রাজবীর-নন্দিনীর সম্পর্ক নিয়ে আলোচনা তুঙ্গে, তখন অন্যদিকে বিগ বসের ঘরে তৈরি হয়েছে উত্তেজনা। ক্যাপ্টেনসি টাস্কের ঘোড়ায় চড়ার একটি খেলায় নন্দিনীর আক্রমণে ঘোড়া থেকে ছিটকে পড়ে যান সৃজলা গুহ। যন্ত্রণায় কেঁদে ওঠেন তিনি।
পরিস্থিতি গুরুতর হওয়ায় বিগ বসের নির্দেশে রাজবীর সৃজলাকে কোলে তুলে বিশ্রামের জায়গায় নিয়ে যান। এই ঘটনার পর নন্দিনীর আচরণ নিয়ে ঘরের অন্যান্য সদস্যদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। ফলে ‘রাজনন্দিনী’ জুটিকে ঘিরে মিষ্টি মুহূর্তের পাশাপাশি বিগ বসের ঘরের উত্তেজনাও এখন সমানভাবে আলোচনায়।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.