চুল কাটাতে বা পরিচর্যা করতে সালোঁয় গেলে শ্যাম্পু করানো খুবই পরিচিত বিষয়। আবার অনেকেই বাড়িতে চুল না ধুয়ে মাঝেমধ্যে সালোঁয় গিয়ে শ্যাম্পু করান। কিন্তু জানেন কি, শ্যাম্পু করার সময়ে দীর্ঘক্ষণ ঘাড় পিছনের দিকে হেলিয়ে রাখার অভ্যাস কিছু ক্ষেত্রে বিপদের কারণ হতে পারে? বিশেষজ্ঞদের মতে, ঘাড়ের অতিরিক্ত প্রসারণ বা চাপের সঙ্গে বিরল হলেও একটি বিশেষ ধরনের স্ট্রোকের ঝুঁকির সম্পর্ক থাকতে পারে। এই অবস্থাকে অনেক সময় ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’ বলা হয়।
কেন সালোঁয় শ্যাম্পু করার সময়ে সমস্যা হতে পারে?
সালোঁয় সাধারণত বেসিনের উপর মাথা রেখে চুল ধোয়া হয়। এই সময়ে ঘাড় অনেকটা পিছনের দিকে বেঁকে থাকে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে হাইপারএক্সটেনশন বলা হয়।
ঘাড়ের ভিতর দিয়ে গুরুত্বপূর্ণ রক্তনালি ও স্নায়ু মস্তিষ্কের দিকে যায়। দীর্ঘক্ষণ বেকায়দায় ঘাড় হেলিয়ে রাখা বা সংবেদনশীল জায়গায় অতিরিক্ত চাপ পড়লে কোনও কোনও ক্ষেত্রে রক্তনালির ক্ষতি হতে পারে। ফলে মস্তিষ্কে রক্ত চলাচলে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
কী এই ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’?
ঘাড়ের ভুল অবস্থানের কারণে ভার্টিব্রাল আর্টারিতে চাপ পড়া বা ক্ষতি হওয়ার সঙ্গে সম্পর্কিত বিরল সমস্যাকেই সাধারণভাবে বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম নামে উল্লেখ করা হয়।
কখনও কখনও রক্তনালির দেওয়ালে ক্ষত তৈরি হতে পারে, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ভার্টিব্রাল আর্টারি ডিসেকশন বলা হয়। এর ফলে রক্ত চলাচল ব্যাহত হলে মস্তিষ্ক পর্যাপ্ত অক্সিজেন নাও পেতে পারে এবং স্ট্রোকের মতো গুরুতর সমস্যা দেখা দিতে পারে।
শুধু শ্যাম্পু করার সময় নয়, ঘাড়ে জোরে মালিশ করা বা মাথা ও ঘাড়ের সংযোগস্থলে অতিরিক্ত চাপ দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকা জরুরি।
কারা বেশি সতর্ক থাকবেন?
চিকিৎসক অন্বিত ভট্টাচার্যের মতে, যাঁদের আগে থেকেই ঘাড়ের সমস্যা রয়েছে, তাঁদের বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। যেমন—
ঘাড়ে দীর্ঘদিনের ব্যথা থাকলে
স্লিপ ডিস্কের সমস্যা থাকলে
সারভাইকাল স্পন্ডিলাইটিস থাকলে
রক্তনালি সংক্রান্ত কোনও সমস্যা থাকলে
ঘাড়ে আঘাতের ইতিহাস থাকলে
কী ভাবে ঝুঁকি কমাবেন?
১) ঘাড়ে ভালো সাপোর্ট নিন
বেসিনে মাথা রাখার আগে ঘাড়ের নীচে তোয়ালে বা উপযুক্ত নেক সাপোর্ট ব্যবহার করুন। প্রয়োজনে সালোঁর কর্মীদের কাছে নেক সাপোর্ট চাইতে পারেন।
২) দীর্ঘক্ষণ ঘাড় পিছনে হেলিয়ে রাখবেন না
একটানা অনেকক্ষণ একই অবস্থায় না থেকে প্রয়োজন হলে মাঝে মাঝে ঘাড়ের অবস্থান পরিবর্তন করুন।
৩) জোরে ঘাড় মালিশ এড়িয়ে চলুন
ঘাড় ও মাথার সংযোগস্থলে অতিরিক্ত চাপ দেওয়া বা অপটু হাতে জোরে মালিশ করানো থেকে সতর্ক থাকুন।
৪) অস্বস্তি হলে সঙ্গে সঙ্গে জানান
শ্যাম্পু করার সময়ে ঘাড়ে ব্যথা বা অস্বস্তি হলে তা কর্মীকে জানান এবং সেই অবস্থান পরিবর্তন করুন।
কোন লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন?
চুল ধোয়া বা ঘাড়ে মালিশের পরে হঠাৎ যদি—
মাথা ঘোরে
চোখে ঝাপসা দেখা দেয়
শরীর দুর্বল লাগে
ভারসাম্য রাখতে সমস্যা হয়
কথা বলতে অসুবিধা হয়
শরীরের কোনও অংশ অবশ বা দুর্বল লাগে
তবে দেরি না করে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।
নীচু হতে গেলেই হাঁটুতে ব্যথা? অস্টিয়োআর্থ্রাইটিসের লক্ষণ নয় তো? কী ভাবে বুঝবেন
সালোঁয় গিয়ে শ্যাম্পু করানো সাধারণত দৈনন্দিন একটি পরিচর্যার অংশ হলেও ঘাড়ের অবস্থান নিয়ে সচেতন থাকা গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাঁদের আগে থেকেই সারভাইকাল বা রক্তনালির সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.