নতুন সঞ্চালক হিসেবে দেবকে নিয়ে নতুন রূপে শুরু হয়েছে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’। দীর্ঘদিন এই অনুষ্ঠানের সঞ্চালকের আসনে দেখা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তিনি সরে যাওয়ার পর প্রায় দেড় বছর বন্ধ ছিল শো। একটা সময় ‘দাদাগিরি’র ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছিল। শেষ পর্যন্ত অভিনেতা দেবের হাত ধরে নতুন ফরম্যাটে ফের শুরু হয় অনুষ্ঠানটি।
দেবকে সঞ্চালকের ভূমিকায় দেখার পর শুরুতে অবশ্য নেটপাড়ার একাংশের কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল। তাঁর বাংলা উচ্চারণ নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকে। তবে সেই সমস্ত সমালোচনাকে নিজের মতো করে সামলে নিয়েছেন দেব। এমনকী, নিজের উচ্চারণ নিয়ে হওয়া মজাকেও মঞ্চে হাসিমুখে গ্রহণ করেছেন তিনি। দর্শকদের সঙ্গে সহজে মিশে যাওয়ার তাঁর স্বভাবও ‘দাদাগিরি’র নতুন পর্বে বিশেষভাবে নজর কেড়েছে।
কিন্তু সৌরভের মতো জনপ্রিয় একজন সঞ্চালকের পর দেবকেই কেন বেছে নেওয়া হল? সম্প্রতি এই প্রশ্নের উত্তর দিয়েছেন ‘দাদাগিরি’র পরিচালক অভিজিৎ সেন।অভিজিতের কথায়, সৌরভের পরিবর্তে তাঁরা কখনওই আরেকজন ‘দাদা’ খুঁজছিলেন না। তাঁদের প্রয়োজন ছিল এমন একজন মানুষ, যিনি দর্শকদের সঙ্গে সহজে একাত্ম হতে পারবেন এবং সবাইকে আপন করে নিতে পারবেন।
পরিচালক জানান, দেবকে বেছে নেওয়ার ক্ষেত্রে মূল বিষয় ছিল তাঁর জনপ্রিয়তা এবং মানুষের সঙ্গে তাঁর সহজ যোগাযোগ। তাঁর বক্তব্য অনুযায়ী, এমন একজন সঞ্চালক দরকার ছিল যিনি সবাইকে সঙ্গে নিয়ে এগোবেন, সকলের পাশে থাকবেন এবং অনুষ্ঠানের নিজস্ব আবহকে আরও বড় জায়গায় পৌঁছে দিতে পারবেন। সেই জায়গা থেকেই দেবকে বেছে নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই ‘দাদাগিরি সিজন ১১’-এর ২৩টি পর্ব সম্প্রচারিত হয়েছে। সৌরভের সময়ের ফরম্যাট থেকে বেশ কিছু পরিবর্তন এনে নতুনভাবে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। ইতিমধ্যেই তারকা, রাজনীতিবিদ থেকে সাংবাদিক—বিভিন্ন ক্ষেত্রের পরিচিত মুখকে দেবের সঙ্গে এই মঞ্চে দেখা গিয়েছে। এদিকে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘দাদাগিরি’ ছাড়ার কারণ হিসেবে পারিশ্রমিক সংক্রান্ত মতপার্থক্যের খবর প্রকাশ্যে এসেছিল। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে স্টার জলসার ‘বিগ বস বাংলা’-র সঞ্চালকের ভূমিকায়। পাশাপাশি এই চ্যানেলে সৌরভের একটি গেম শো করার কথাও রয়েছে বলে খবর।
অন্যদিকে, ‘দাদাগিরি’র পাশাপাশি নিজের অভিনয়ের কাজ নিয়েও ব্যস্ত দেব। তাঁর ‘দেশু ৭’ ছবিটি ২০২৬ সালের পুজোয় মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। ১৫ অগস্ট ছবিটির মুক্তির কথা থাকলেও পরে তা পিছিয়ে দেওয়া হয়।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.