Mimi: আবারো শাড়িতে চমকে দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্টের জন্যও বরাবরই চর্চায় থাকেন তিনি। এবার একেবারে বাঙালি সাজে নজর কাড়লেন অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন মিমি।
লাল-সাদা শাড়ি, কালো ব্লাউজ আর সাবেকি গয়নায় তার এই লুক যেন উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে। এর সঙ্গে গলায় সবুজ পাথর বসানো সোনালি গয়না এবং কানের দুলে ফুটে উঠেছে সাবেকি বাঙালি আভিজাত্য। পরিপাটি করে বাঁধা খোঁপা, টানটান চোখের সাজ এবং লাল ঠোঁট পুরো লুকটিকে দিয়েছে গ্ল্যামারাস ছোঁয়া।
কখনও পাশ ফিরে, কখনও ক্যামেরার দিকে তাকিয়ে মিমির আত্মবিশ্বাসী পোজও নজর কেড়েছে। শাড়িতে মিমির এই সাবলীল উপস্থিতি অবশ্য নতুন নয়। এর আগেও বিভিন্ন ধরনের শাড়িতে তাকে দেখা গিয়েছে। ফ্যাশন বিষয়ক বিভিন্ন প্রতিবেদনে তার সাবেকি শাড়ির লুকও বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
অন্যদিকে, কাজের দিক থেকেও বর্তমানে ব্যস্ত তিনি। সম্প্রতি রাজ চক্রবর্তীর প্রযোজনায় নতুন কাজ ‘তাণ্ডব’-এর কাজ শুরু করেছেন তিনি। দীর্ঘ প্রায় এক দশক পর রাজের সঙ্গে তার পেশাগতভাবে ফের একসঙ্গে কাজ করার খবর ইতিমধ্যেই টলিপাড়ায় আলোচনার জন্ম দিয়েছে।
শুধু তাই নয় ব্যক্তিগত জীবনেও বেশ ব্যস্ত তিনি। শোনা যাচ্ছে খুব শীঘ্রই নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। পাত্র নাকি নৌসেনার অফিসার। যদিও এখনো খোলসা করে কিছুই জানাননি। তবে কানাঘুষো ইতিমধ্যেই শোনা যাচ্ছে টলিপাড়ায়।

Sudeshna has been writing entertainment reports since 2021.