মধ্যরাতে অভিনেতা শঙ্কর চক্রবর্তী(Shankar Chakraborty)র একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে আচমকাই উদ্বেগ ছড়িয়ে পড়ে টলিপাড়ায়। তাঁর লেখা একটি রহস্যময় বার্তা দেখে অনুরাগী থেকে শুরু করে সহকর্মী—অনেকেই আশঙ্কায় পড়ে যান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, গভীর রাতেই অভিনেতার খোঁজ নিতে ফোন করেন একাধিক পরিচালক ও অভিনেতা।
ঘটনার সূত্রপাত গভীর রাতে। নিজের ফেসবুক প্রোফাইলে শঙ্কর চক্রবর্তী লেখেন, “Now I am crossing through life is gone।” তাঁর এই বার্তাকে ঘিরেই শুরু হয় নানা জল্পনা। সম্প্রতি স্ত্রীকে হারিয়েছেন অভিনেতা। পাশাপাশি কাজের অভাব নিয়েও এর আগে নিজের ক্ষোভের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন তিনি। ফলে তাঁর এই পোস্ট দেখে উদ্বেগ আরও বেড়ে যায়।
জানা যায়, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়-সহ টলিপাড়ার একাধিক ব্যক্তিত্ব রাতেই শঙ্করের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। ফোন ও মেসেজ করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন তাঁরা।
তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি পরিষ্কার করেন খোদ অভিনেতা। দ্বিতীয় একটি পোস্টে তিনি জানান, প্রথম পোস্ট দেখে অনেকেই ভেবেছিলেন, তিনি হয়তো কোনও বিপদের মধ্যে রয়েছেন। সেই কারণেই অনেকে উদ্বিগ্ন হয়ে তাঁকে ফোন করেছিলেন।
শঙ্কর লেখেন, ফেসবুকে তাঁর পোস্ট দেখে কৌশিক গঙ্গোপাধ্যায়-সহ অনেকেই রাতে তাঁকে ফোন করেছিলেন। তাঁদের আশ্বস্ত করে অভিনেতা জানান, তিনি কোথাও যাননি, সম্পূর্ণ সুস্থ রয়েছেন। রাস্তায় যেতে যেতে একটি লেখা দেখে হঠাৎ তাঁর মনে ওই কথাটি এসেছিল বলেও ব্যাখ্যা দেন তিনি।
শেষে শঙ্কর চক্রবর্তী লেখেন, তিনি আছেন এবং থাকবেন—যতদিন ঈশ্বর চান।
অভিনেতার এই দ্বিতীয় পোস্টের পরই স্বস্তি ফেরে তাঁর অনুরাগী ও সহকর্মীদের মধ্যে। তাঁর কোনও বিপদ হয়নি এবং তিনি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন—এই খবরেই আপাতত কাটল যাবতীয় উদ্বেগ।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.