‘বিগ বস বাংলা’-র ঘরে শুরু হয়ে গেল খেলার নতুন অধ্যায়। ষষ্ঠ সপ্তাহে পা রাখতেই প্রতিযোগীদের জন্য কড়া বার্তা দিলেন খোদ ‘বিগ বস’। জানিয়ে দেওয়া হল, এবার আর আড়ালে থেকে খেলা নয়—দর্শকদের মন জয় করতে হলে আরও সক্রিয় ও আক্রমণাত্মক হতে হবে। কারণ, শুরু হয়ে গিয়েছে শো-এর ‘লেভেল ২’।
এর পরেই শুরু হয় চলতি সপ্তাহের নমিনেশন পর্ব। তবে এবার নিয়মে ছিল বড়সড় বদল। প্রতিযোগীদের নিজেদের মধ্যে সরাসরি নমিনেট করার সুযোগ দেওয়া হয়নি। বরং গত শনিবার ‘দাদার দরবার’-এ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে প্রতিযোগীরা ঘরের যোগ্য এবং সবচেয়ে কম কাজ করা সদস্যদের নিয়ে যে মতামত দিয়েছিলেন, তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেন ‘বিগ বস’।
সেই সিদ্ধান্তেই সরাসরি নমিনেশনে পাঠানো হয় ঝিলম গুপ্ত এবং দীপেন্দু বিশ্বাসকে। আচমকা এই ঘোষণায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন ঝিলম। মন খারাপ করে আসন ছেড়ে উঠে গিয়ে ক্যামেরার সামনে মায়ের উদ্দেশে তিনি জানান, খুব শীঘ্রই বাড়ি ফিরে আসছেন।
তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। নিজের মন খারাপ ভুলে সহ-প্রতিযোগীদের নিয়ে নিজের স্টাইলেই গান বাঁধেন ঝিলম। পুজোর আমেজে ভরা সেই গান মুহূর্তেই ঘরের পরিবেশ বদলে দেয়। তাঁর গানে যেমন হাসি ফেরে প্রতিযোগীদের মুখে, তেমনই আবেগঘন হয়ে ওঠে গোটা মুহূর্তটি।
এখন প্রশ্ন, চলতি সপ্তাহে ঝিলম ও দীপেন্দুর মধ্যে কার ভাগ্যে কী রয়েছে? দর্শকের ভোটে শেষ পর্যন্ত তাঁদের মধ্যে কেউ কি ‘বিগ বস বাংলা’ থেকে বিদায় নেবেন, নাকি নমিনেশনের এই সমীকরণেই আসবে নতুন কোনও মোড়?
এদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় ‘বিগ বস বাংলা’-র ঘরের লড়াই ক্রমশ আরও জমে উঠছে। দুর্নিবার সাহা, ভরত কল, নিরঞ্জন মণ্ডল, সোনামণি সাহা, তনুশ্রী রায় দাস, মনামী ঘোষ, সৃজলা গুহ ও দীপেন্দু বিশ্বাসদের সঙ্গে ইতিমধ্যেই ওয়াইল্ড কার্ড হিসেবে যোগ দিয়েছেন রাজবীর দে ও জীতু কামাল। অন্যদিকে সায়েক চক্রবর্তী ও অ্যালেক্সজান্দ্রা টেলরের মতো প্রতিযোগীরা ইতিমধ্যেই বিদায় নিয়েছেন।

এর মধ্যেই বুধবারের ক্যাপ্টেন্সি টাস্কে জয়ী হয়ে ঘরের নতুন ক্যাপ্টেন হয়েছেন তনুশ্রী রায় দাস। বটম ফাইভের ঝুঁকি কাটিয়ে একাধিক প্রতিযোগী নিরাপদ হলেও, নতুন নমিনেশন এবং ‘লেভেল ২’-এর কড়া নিয়মে আগামী দিনে ঘরের খেলা আরও কতটা বদলায়, এখন সেটাই দেখার।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.