‘বিগ বস বাংলা’র ঘরে এসে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের আধিপত্য বিস্তারের চেষ্টা করেছিলেন তিনি। বারবার দাবি করেছিলেন, এ বারের ট্রফি তাঁর হাতেই উঠবে। কিন্তু শেষরক্ষা হল না! মাত্র দু’সপ্তাহের মধ্যেই বিগ বসের দুর্গ থেকে বিদায় নিতে হল রিয়েলিটি শোয়ের স্বঘোষিত ‘কুইন’ অনুষ্কা ঘোষকে। রবিবার ‘দাদার দরবারে’ দর্শকদের ভোটের ভিত্তিতে এভিকশন হল তাঁর। অন্যদিকে, বিপদের মুখে দাঁড়িয়েও আরও এক সপ্তাহের জন্য বিগ বসের ঘরে নিজের জায়গা ধরে রাখলেন ঝিলম গুপ্তা।
গত ২৭ সেপ্টেম্বর ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে বিগ বস বাংলার ঘরে প্রবেশ করেছিলেন ‘স্প্লিটসভিলা’ খ্যাত অনুষ্কা ঘোষ। ঘরে ঢুকেই নিজের উপস্থিতি জানান দিতে শুরু করেন তিনি। প্রতিযোগীদের মনোবল ভাঙা থেকে শুরু করে রাজবীর ও নন্দিনীর সম্পর্কের সমীকরণ বদলে দেওয়ার চেষ্টা—সবেতেই সক্রিয় ছিলেন অনুষ্কা। তবে তাঁর এই আগ্রাসী মনোভাব যে খুব একটা কাজে এল না, তা স্পষ্ট হয়ে গেল দর্শকদের রায়ে।
শোয়ে নিজের আত্মবিশ্বাসের কথা বারবার তুলে ধরলেও প্রতিযোগীদের সঙ্গে খুব একটা সুসম্পর্ক গড়ে তুলতে পারেননি তিনি। একসময় মনামী ঘোষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়লেও দর্শকদের মন জয়ে তা যথেষ্ট হল না। এমনকি শোয়ের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ধমকও শুনতে হয়েছিল তাঁকে।
কে এই অনুষ্কা ঘোষ?
রিয়েলিটি শোয়ের দুনিয়ায় পরিচিত মুখ অনুষ্কা ঘোষ। ‘মিস ওড়িশা’ সৌন্দর্য প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন জগতে পরিচিতি পাওয়ার পর কলকাতার আশুতোষ কলেজে পড়াশোনা করেন তিনি। পরবর্তীতে জনপ্রিয় রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’-য় অংশ নিয়ে নজর কাড়েন। সেই পরিচিতিকে সঙ্গী করেই বিগ বস বাংলার মঞ্চে এসেছিলেন তিনি। ঘরে প্রবেশের পর থেকেই নিজের খেলাকে কেন্দ্র করে আলোচনায় ছিলেন অনুষ্কা। কিন্তু শেষ পর্যন্ত দর্শকদের সমর্থন আদায় করতে পারলেন না।
ঝিলমের ভাগ্য খুলল, বিদায় অনুষ্কার
চলতি সপ্তাহে একাধিক প্রতিযোগী মনোনীত হয়েছিলেন এভিকশনের জন্য। তাঁদের মধ্যে চারজন শনিবারই নিরাপদ হয়ে যান। ফলে শেষ পর্যন্ত বিপদের মুখে পড়েন ঝিলম গুপ্তা ও অনুষ্কা ঘোষ। দু’জনের ভাগ্যই নির্ভর করছিল দর্শকদের ভোটের উপর।
রবিবার ‘দাদার দরবারে’ চূড়ান্ত ফলাফল ঘোষণা হতেই দেখা যায়, আরও এক সপ্তাহের জন্য বিগ বসের ঘরে টিকে গেলেন ঝিলম। অন্যদিকে, মাত্র দু’সপ্তাহের মাথায় শো থেকে বিদায় নিতে হল অনুষ্কাকে।
নিজেকে বিজয়ী হিসেবে দেখার স্বপ্ন নিয়ে বিগ বসের ঘরে প্রবেশ করেছিলেন অনুষ্কা। কিন্তু তাঁর আত্মবিশ্বাস শেষ পর্যন্ত দর্শকদের ভোটে প্রভাব ফেলতে পারল না। এ বার দেখার, অনুষ্কার বিদায়ের পর বিগ বস বাংলার ঘরে কোন প্রতিযোগীর ভাগ্যে শিকে ছেঁড়ে এবং আগামী সপ্তাহে কাকে বিদায় নিতে হয়।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.
